রুমানা মনজুরের কাছে খোলা চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদরের হেমা (রুমানা মনজুর), তোমার আজকের এই অবস্থার জন্য হয়তো আমরা (যাঁরা মা-বাবা) বা আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা দায়ী। আমরা ব্যর্থ, আমাদের সন্তানকে সঠিক পথে চলতে শেখাতে পারিনি। গত ১২ জুন প্রথম আলোয় ‘উচ্চশিক্ষায় বিদেশ যেতে মানা, শিক্ষিকার ওপর স্বামীর নির্যাতন’ শিরোনাম দেখে লেখাটি পড়েছি। লেখাটি মনে খুব দাগ কেটেছে এবং নিজে নিজেই বলেছি, আমরা কোন সমাজে বাস করছি? কিন্তু তখনো বুঝতে পারিনি, এই মেয়েটি যে আমাদের হেমা। আমার বান্ধবী রমার মেয়ে, আমাদের মনজুর ভাইয়ের মেয়ে। তোমার নাম রুমানা জানতাম। কিন্তু সে নাম ধরে তোমাকে কখনো ডাকা হয়নি। তোমাকে আমি হেমা নামেই ডাকতাম। সঙ্গে দেখা হলেই তুমি মিষ্টি হাসি দিয়ে ‘মীরা আন্টি’ বলে ডাক দিতে। তোমার স্বামীর নাম হাসান সাইদ, তা আমি জানতাম না; তাকে সুমন নামেই জানতাম। মনজুর ভাই, রমা ও তোমার নাম প্রথমে প্রথম আলোতে না থাকায় আমি বুঝতে পারিনি। পরে যখন আমার বন্ধু টিপু ফোন করে তোমার খবর জানাল এবং টেলিভিশনের খবর দেখতে বলল, তখন আমি শুধু বারবার টিভির বিভিন্ন চ্যানেল ঘোরাচ্ছি আর রুবি (আমার বান্ধবী) ও টিপুকে ফোন করছি। মনজুর ভাই ও রমাকেও দুবার ফোন করেছিলাম। ফোন ব্যস্ত পেয়েছি। হয়তো তাঁরা আমাদের আদরের হেমার চিকিৎসার খোঁজখবর নিচ্ছিলেন। রাতে টিভিতে খবর দেখার পর তোমার চেহারাটা সারা রাত আমার চোখের সামনে ভেসেছে। শুধু ছটফট করেছি আর ভেবেছি, কেন এমন হলো? আমাদের ব্যর্থতা কোথায়?হেমা, তোমার জন্ম দেখেছি। তোমাকে বড় হতে দেখেছি। তোমার বিয়ে দেখেছি। তোমার সন্তানের জন্ম দেখেছি। তুমি যে কী আদরের ছিলে! মনজুর ভাই ও রমা তাঁদের বন্ধুর ছেলের (হাসান সাইদ) সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে হয়তো নিশ্চিন্তে ছিলেন। কারণ, ছোট থেকেই সাইদকে তাঁরা চিনতেন। কিন্তু তুমি তো বিয়ের পর থেকেই তাকে চিনেছ। তার আচরণে হয়তো কোনো কোনো সময় দুঃখ পেয়েছ। কিন্তু কেন তুমি বাবাকে বা মাকে বন্ধু ভেবে কথাগুলো জানালে না? হয়তো জানালে এ রকম হতো কি না, আমি জানি না। তোমার এবং বাংলাদেশের আরও অনেক মেয়ের ওপর এ রকম নিষ্ঠুর ও অমানবিক অত্যাচার দেখে আমরা আতঙ্কিত। তোমার মঙ্গল কামনায়—মীরা রায়