রুমানা মনজুরের পড়ালেখা শেষ করতে সহায়তা দেবে ইউবিসি
স্বামীর নির্যাতনে গুরুতর আহত রুমানা মনজুর বর্তমান স্বাস্থ্যগত পরিস্থিতিতেও যাতে তাঁর পড়ালেখা শেষ করতে পারেন, তার জন্য সম্ভাব্য সহায়তার উপায় খুঁজছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় (ইউবিসি)। ইউবিসির পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের নির্বাহী প্রধান স্কট ম্যাকরে আজ শনিবার এক ই-মেইল বার্তায় প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। এর আগে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট স্টিফেন জে. টপি রুমানা মনজুরের ওপর তাঁর স্বামীর নির্যাতনের বিষয়ে উদ্বেগ ও সমবেদনা জানিয়ে ইউবিসির ওয়েবসাইটে একটি বার্তা দেন।স্কট ম্যাকরে জানিয়েছেন, ইউবিসির প্রেসিডেন্ট অধ্যাপক টপি ব্যক্তিগতভাবে ঢাকায় কানাডার হাইকমিশন ও কানাডার অটাওয়ায় বাংলাদেশ হাইকমিশনকে রুমানা মনজুরের বিষয়ে তথ্য ও তাঁর গভীর উদ্বেগের কথা জানিয়েছেন। ইউবিসির পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের নির্বাহী প্রধান প্রথম আলোকে জানিয়েছেন, ভারতে রুমানা মনজুরের চিকিত্সা-সংক্রান্ত তথ্য পেতে এবং তাঁর চিকিত্সকদের সঙ্গে ইউবিসির বিশেষজ্ঞ চিকিত্সকদের যোগাযোগ রাখতে তাঁরা পদক্ষেপ নিচ্ছেন। এ ছাড়া ভবিষ্যতে তাঁকে আর কীভাবে চিকিত্সা সহায়তা দেওয়া যায়, তার উপায় খুঁজছে ইউবিসি কর্তৃপক্ষ। এ দুর্ভাগ্যজনক পরিস্থিতি মোকাবিলার জন্য ইউবিসিতে রুমানা মনজুরের বন্ধু ও সহকর্মীদের জন্য পরামর্শ সভাও আয়োজন করা হয়েছে বলে স্কট ম্যাকরে জানিয়েছেন।