রুমানাকে নির্যাতন: হাসান সাইদ ২ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে নির্যাতনের মামলায় আসামি হাসান সাইদের দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন মহানগর হাকিম আদালত। আজ বৃহস্পতিবার বেলা সোয়া তিনটায় মহানগর হাকিম শাহরিয়ার আদনান আসামির উপস্থিতিতে এ রিমান্ড মঞ্জুর করেন।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী আসামি সাইদকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত দুই দিন মঞ্জুর করেন। এর আগে বেলা তিনটার দিকে সাইদকে আদালতে হাজির করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে নির্যাতনের মামলায় তাঁর স্বামী হাসান সাইদকে কেন গ্রেপ্তার করা হয়নি জানতে চেয়ে হাইকোর্ট গতকাল বুধবার রুল জারি করেছিলেন। এর তিন ঘণ্টা পর বেলা সোয়া দুইটার দিকে রাজধানীর উত্তর মুগদায় আত্মীয়ের বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।সাইদকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম বলেছিলেন, হাসান সাইদের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর স্ত্রীকে হত্যার চেষ্টা করেছেন। আগেও তিনি রুমানাকে মারধর করতেন। তবে গ্রেপ্তারের পর বাঁচার জন্য সাইদ নানা কথা বলছেন বলে উপকমিশনার জানান।৫ জুন রাজধানীর ধানমন্ডিতে রুমানা তাঁর বাবার বাসায় স্বামী হাসান সাইদের নির্মম নির্যাতনের শিকার হন। রুমানার দুই চোখে আঙুল ঢুকিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়। কামড়ে নাকের ডগা ছিঁড়ে ফেলা হয়। ল্যাবএইড হাসপাতালে কয়েক দিন চিকিত্সার পর মঙ্গলবার তাঁকে ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে নেওয়া হয়। সেখানে তাঁর চোখের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে বলে জানা গেছে।