রুমানার ওপর নির্যাতনে ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের উদ্বেগ ও সমবেদনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক রুমানা মনজুুরের ওপর তাঁর স্বামীর নির্যাতনের বিষয়ে উদ্বেগ ও সমবেদনা জানিয়েছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় (ইউবিসি)। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট স্টিফেন জে. টপি তাঁদের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় এ কথা জানিয়েছেন।স্টিফেন টপি তাঁর বার্তায় বলেছেন, সবার মতো তিনিও এ ঘটনায় মর্মাহত। ইউবিসি পরিবার রুমানার এ কঠিন সময়ে তাঁর প্রতি সমবেদনা ও সমর্থন জানাচ্ছে এবং প্রার্থনা করছে।পড়ালেখার প্রতি রুমানার দৃঢ় আকাঙ্ক্ষা থাকার কারণে তাঁকে এমন হামলার শিকার হতে হয়েছে বলে অভিযোগ থাকায় একে গুরুতর উদ্বেগের বিষয় বলে অভিহিত করেছেন স্টিফেন টপি। তিনি জ্ঞানার্জনকে মৌলিক অধিকার হিসেবে অভিহিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাঁরা রুমানার প্রতি সমর্থন ও সহমর্মিতা দেখিয়েছেন, তাঁদেরকে ধন্যবাদ জানিয়েছেন।বার্তায় স্টিফেন টপি বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা যেভাবে তাঁর পাশে দাঁড়িয়েছেন, তা উত্সাহব্যাঞ্জক। আমরা ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় পরিবারও তাঁর সহকর্মী, শিক্ষার্থী ও বন্ধুদের সঙ্গে তাঁর সমর্থনে যোগ দিচ্ছি।’বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট বলেন, ইউবিসি পরিবার রুমানা মনজুরের উন্নতির খবর শোনার জন্য উদ্বেগের সঙ্গে অপেক্ষা করছে। তিনি জানান, ইউবিসির ভ্যানকুভার ক্যাম্পাসের সব সদস্য তথ্য সমন্বয় এবং মনজুুরের সহকর্মী ও ছাত্রদের সহায়তা করার জন্য কাজ করছে। স্টিফেন টপি তাঁর বার্তায় উল্লেখ করেছেন, রুমানা মনজুর ইউবিসির ভ্যানকুভার ক্যাম্পাস থেকে মাস্টার্স ডিগ্রি শেষ করছিলেন। তিনি তাঁর পরিবার ও বন্ধু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের সঙ্গে দেখা করতে কয়েক সপ্তাহ আগে বাংলাদেশে গিয়েছিলেন। সেখানে যাওয়ার কয়েক দিনের মধ্যেই তিনি তাঁর স্বামীর নির্যাতনের শিকার হন।