রুমানার জন্য শুভকামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা অজানা শঙ্কা, ভয়, উৎকণ্ঠা আর হতাশার মধ্যে ছিলাম দীর্ঘদিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরের ওপর সহিংসতার ঘটনাটি ঘটার পর মনের মধ্যে এমন প্রতিক্রিয়া চলতে থাকে। প্রশ্ন জেগেছে, কীভাবে রুমানার মতো একজন উচ্চশিক্ষিত, প্রতিষ্ঠিত নারী এভাবে নির্যাতনের শিকার হলেন? সদুত্তর মেলেনি।বরং একধরনের নিরাপত্তাহীনতা, হতাশা তৈরি হয়েছে নিজের মধ্যে। অনেকের ধারণা, শিক্ষিত, সামাজিকভাবে প্রতিষ্ঠিত, আর্থিকভাবে স্বাবলম্বী মেয়েটি সমাজের অন্য মেয়েদের তুলনায় নিরাপদ ও সুবিধাজনক অবস্থানে রয়েছেন। রুমানার ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সেই ধারণা ভুল। পারিবারিক সহিংসতার জন্য কোনো নারীই ঝুঁকির বাইরে নন, সে তিনি যতই উচ্চতর শিক্ষাগত যোগ্যতার অধিকারী, সমাজে প্রতিষ্ঠিত কিংবা আর্থিকভাবে সচ্ছল হোন না কেন।তবে যাঁরা শিক্ষাগত যোগ্যতা, সামাজিক অবস্থান ও আর্থিক অবস্থা—সব দিক দিয়ে তাঁরা অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে আমরা মনে করি। কিন্তু তাঁরা নিরাপদ নন।এত কিছুর পরও মনে আশা জেগেছে। গত ১৯ সেপ্টেম্বর নারীমঞ্চে রুমানাকে নিয়ে শেখ সাবিহা আলমের লেখাটি পড়েছি। মনে হয়েছে, স্বপ্ন দেখার কোনো শেষ নেই। চোখের আলো কেড়ে নিলেও কেউ স্বপ্ন কেড়ে নিতে পারে না।রুমানা আমাদের নতুন করে আত্মবিশ্বাসী করেছেন। কানাডায় রুমানার ‘ডটার অব দ্য ইয়ার’ হওয়ার সংবাদটি পড়ে অনেক আনন্দিত হই। এই অর্জনের পর কানাডার পত্রিকায় সাক্ষাৎকারে রুমানা জানান, নির্যাতনের শিকার—এই পরিচয় তিনি ঘুচিয়ে ফেলতে চান। ঘুরে দাঁড়ানোর মতো শক্তি, সাহস, আত্মবিশ্বাস তাঁর মধ্যে এখনো রয়েছে। একমাত্র সন্তান তার মাকে একজন নির্যাতিত ও পরাজিত নারী হিসেবে চিনুক, এটা তিনি চান না।নিজেকে তিনি এমন এক জায়গায় নিয়ে যেতে চান, যাতে সন্তানটি তাঁর ওপর আস্থা ও বিশ্বাস রাখতে পারে। মায়ের সংগ্রামের কথা জেনে আত্মবিশ্বাস অর্জন করতে পারে।এটাই তো শক্তি, মনের জোর। স্যালুট রুমানাকে। আপনি অনেক নারীর প্রেরণা। নতুন জীবনের সংগ্রাম চালিয়ে যান। আস্থা হারাবেন না কখনো। আপনার এগিয়ে যাওয়া অসংখ্য নারীকে নতুন পথের সন্ধান দেবে। আপনার সংগ্রাম থেকে আমরাও নতুন করে শক্তি ও সাহস খুঁজে নেব। আপনার জন্য শুভকামনা, রুমানা।শারমিন মুস্তারী,শিক্ষক, বাংলা বিভাগচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।