রুমানার স্বামী সাইদ আবার ২ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে নির্যাতনের মামলায় স্বামী হাসান সাইদের বিরুদ্ধে তৃতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম শাহারিয়ার মাহমুদ আদনান। দুই দফায় তিন দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করে আরও ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। ডিবি পুলিশের তদন্তকারী কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী এ আবেদন করেন। আদালতে করা আবেদনে বলা হয়, আসামি পক্ষের আইনজীবীরা আদালতে রুমানার যেসব ছবি দাখিল করেছে সেগুলোর সত্যতা যাচাই এবং কোথা থেকে এসব পাওয়া গেছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আরও সময় প্রয়োজন। অন্যদিকে রুমানা এত দিন চিকিত্সার জন্য ভারতে ছিলেন। গতকাল সোমবার তিনি দেশে ফিরে এসেছেন। তাই আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং রুমানার উপস্থিতিতে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে নির্যাতনের মামলায় তাঁর স্বামী হাসান সাইদকে কেন গ্রেপ্তার করা হয়নি জানতে চেয়ে হাইকোর্ট ১৫ জুন রুল জারি করেছিলেন। এর তিন ঘণ্টা পর বেলা সোয়া দুইটার দিকে রাজধানীর উত্তর মুগদায় আত্মীয়ের বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।৫ জুন রাজধানীর ধানমন্ডিতে রুমানা তাঁর বাবার বাসায় স্বামী হাসান সাইদের নির্মম নির্যাতনের শিকার হন। রুমানার দুই চোখে আঙুল ঢুকিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়। কামড়ে নাকের ডগা ছিঁড়ে ফেলা হয়। ল্যাবএইড হাসপাতালে কয়েক দিন চিকিত্সার পর মঙ্গলবার তাঁকে ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে নেওয়া হয়। সেখান থেকে পদুচেরির অরবিন্দ আই সেন্টারে নিয়ে যাওয়া হয়। দেশটির চিকিত্সকেরা বলেছেন, রুমানার চোখের জন্য এ মুহূর্তে তাঁদের কিছু করার নেই। গতকাল রুমানা দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন।