রুমানার স্বামী হাসান সাইদ মারা গেছেন
ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার স্বামী হাসান সাইদ মারা গেছেন। গতকাল সোমবার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলের বাথরুম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে, হাসান হূদেরাগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। তবে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তাঁর দুই কবজিতে দড়ির দাগ রয়েছে। দুপুরে সুরতহালের সময় উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা খন্দকার প্রিজন সেল থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ‘লাশের দুই হাতে চিকন রশির দাগ রয়েছে। আত্মহত্যা বলে মনে হচ্ছে না। স্বাভাবিক মৃত্যুও হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’ওই দাগ সম্পর্কে বিএসএমএমইউ বা ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। মৃত্যুর ঘটনায় কারা কর্তৃপক্ষ শাহবাগ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে।হাসানের বাবা সৈয়দ আহমদ কবির ছেলের মৃত্যুর জন্য সংবাদমাধ্যম ও রুমানা মনজুরকে দায়ী করেছেন। হাসানের খালু মো. রফিক উদ্দিন প্রথম আলোকে বলেন, কবজিতে থাকা দাগ তাঁদের মনে সন্দেহ তৈরি করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁরা মামলা করবেন কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।হাসানের মৃত্যুকে দুঃখজনক বলে মন্তব্য করেছে রুমানা মনজুরের পরিবার।কারাগার ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৩ নভেম্বর চোখের চিকিৎসার জন্য হাসানকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউর প্রিজন সেলে আনা হয়। গতকাল ভোর সাড়ে চারটার দিকে সেলের বাথরুম থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। ভোর ছয়টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।বিএসএমএমইউর ভারপ্রাপ্ত পরিচালক মো. জামাল উদ্দীন খলিফা বলেন, হাসান চক্ষু বিশেষজ্ঞ শফিকুল ইসলামের তত্ত্বাবধানে ছিলেন। তাঁর অন্য কোনো শারীরিক সমস্যা ছিল না। প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন, তিনি হঠাৎ হূদেরাগে আক্রান্ত হয়ে থাকতে পারেন।প্রিজন সেলের কারারক্ষী তাহের উদ্দিন বলেন, বিডিআর বিদ্রোহ মামলার আসামি ইউছুফ আলীও ওই কক্ষে থাকেন। ভোর চারটার দিকে ইউছুফ দায়িত্বরত কারারক্ষীকে জানান, হাসান অনেকক্ষণ আগে বাথরুমে গেলেও বের হচ্ছেন না। পরে তাঁরা উঁকি দিয়ে দেখেন, বাথরুমে হাসান পড়ে আছেন।হাসানের ভাই ফারুক সাইদ বলেন, সকাল আটটার দিকে জেল সুপার তাঁর এক খালুকে ফোন করে কম্বল মোড়ানো অবস্থায় হাসানের লাশ বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান। তাঁর ভাইয়ের চোখের সমস্যা ছাড়া তেমন কোনো অসুস্থতা ছিল না। আত্মহত্যা করার মতো কোনো মানসিক অবস্থায়ও তিনি ছিলেন না।বেলা আড়াইটার দিকে হাসানের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক আ খ ম শফিউজ্জামান খায়ের প্রথম আলোকে বলেন, মৃত্যুর কারণ উদ্ঘাটনে ভিসেরার জন্য মহাখালীতে পাঠানো হয়েছে। হূদেরাগ ছিল কি না, তা পরীক্ষার জন্য হূৎপিণ্ড ঢাকা মেডিকেল কলেজের হিস্টোপ্যাথলজি বিভাগে পাঠানো হয়েছে।মিডিয়ার প্রতি বিষোদ্গার: হাসান সাইদের বাবা সৈয়দ আহমদ কবির প্রিজন সেলের বারান্দায় সাংবাদিকদের বলেন, ‘মিডিয়াই আমার ছেলেকে মেরে ফেলেছে। তারা আমার নির্দোষ ছেলেটিকে দোষী বানিয়েছে। আমি আল্লাহর কাছে এর বিচার দিলাম।’হাসানের খালু রফিক উদ্দিন বলেন, ‘বিভিন্ন দেশে সাংবাদিকেরা অনুসন্ধানী প্রতিবেদন করেন। আপনারা ঘটনার পেছনের ঘটনা কী ছিল, তা অনুসন্ধানের চেষ্টা করেননি। উটপাখির মতো মাথা গুঁজে ছিলেন।’তিন ভাইবোনের মধ্যে হাসান ছিলেন দ্বিতীয়। তাঁদের গ্রামের বাড়ি নোয়াখালী। ৫ জুন ধানমন্ডির বাসায় স্বামীর নির্যাতনে দুটি চোখই হারান রুমানা মনজুর। এর পরদিন রুমানার বাবা মনজুর হোসেন ধানমন্ডি থানায় হাসান সাইদকে আসামি করে মামলা করেন। ১৫ জুন উত্তর মুগদার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।