রুমানার স্বামীর বিচারের দাবিতে কানাডায় প্রতিবাদ র্যালির ডাক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে নির্যাতনকারী তাঁর স্বামী হাসান সাইদের বিচারের দাবিতে ২৬ জুন কানাডার ভ্যানকুভারে প্রতিবাদ র্যালির ডাক দিয়েছে ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা স্কট ম্যাকরে আজ শুক্রবার প্রথম আলোকে এক ই-মেইল বার্তায় এ কথা জানিয়েছেন।প্রতিবাদ র্যালি সফল করতে ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে (ইউবিসি) রুমানা মনজুরের সহপাঠীরা এরই মধ্যে ফেসবুকে একটি গ্রুপ চালু করেছেন। ‘নারীর বিরুদ্ধে আর কোনো সহিংসতা নয়, রুমানা মনজুরের জন্য ন্যায়বিচার’ শিরোনামে ওই ফেসবুক গ্রুপের বার্তায় বলা হয়েছে, ২৬ জুন বেলা তিন থেকে চারটা পর্যন্ত কানাডার ভ্যানকুভার আর্ট গ্যালারির সামনে এই র্যালি অনুষ্ঠিত হবে।ফেসবুক গ্রুপটির বার্তায় আরও বলা হয়েছে, ‘নারীর বিরুদ্ধে সহিংসতা প্রত্যাখ্যান করে এবং ইউবিসির এক সদস্যের পক্ষে ন্যায়বিচার চেয়ে আমরা একত্র হচ্ছি, যিনি বাংলাদেশে বর্বর হামলার শিকার হয়েছেন। যদি আপনি রুমানাকে চেনেন কিংবা না-ও চেনেন, আপনি যদি এমন বর্বরতা অন্য মানুষের ক্ষেত্রে দেখতে না চান, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, তাহলে রোববার আমাদের সঙ্গে যোগ দিন।’ র্যালির প্রধান আয়োজক হলেন ইউবিসিতে রুমানা মনজুরের সহপাঠী মারলিন দ্য রুইতার। আর ফেসবুকে গ্রুপটি খুলেছেন মনজুরের সহপাঠী রুইতার ও সোতোনি গডউইন হার্ট।আজ শুক্রবার বেলা ১১টা পর্যন্ত ফেসবুকের ওই গ্রুপে ৪২০ জন র্যালিতে অংশগ্রহণে সম্মতি জানিয়েছেন। আরও ১০৬ জন র্যালিতে অংশ নিতে পারেন বলে মত দিয়েছেন। এ ছাড়া দুই হাজার ৩২১ জন এখনো তাদের মতামত জানাননি।ইউবিসির ওয়েবসাইটেও এই র্যালির বিষয়ে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। ইউবিসির শিক্ষার্থী ও রুমানা মনজুরের সহপাঠী মারলেন দে রুইতার তাঁদের র্যালির লক্ষ্য সম্পর্কে ওয়েবসাইটে বলেছেন, ‘রুমানা মনজুরের ব্যাপারে এবং সব ধরনের পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতেই এ আয়োজন।’রুইতার আরও বলেছেন, ‘আমি মনে করি সর্বত্র এই বার্তা পৌঁছে দেওয়া আসলেই জরুরি। এটা এমন কিছু, যা নিয়ে কথা বলা উচিত এবং এটা সামনে আনা দরকার।’ ফেসবুক গ্রুপটির ওয়ালে অনেকই এ ঘটনার প্রতিবাদ, নিন্দা ও নির্যাতনকারীর বিচার চেয়ে তাঁদের মন্তব্য দিয়েছেন। মন্তব্যকারী লুক ইন ঘটনাটিকে দুঃখজনক অভিহিত করে রুমানা মনজুরের স্বামীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। টেমি সিনক্লেয়ার তাঁর মন্তব্যে বলেছেন, ‘এটা কোনো সংস্কৃতিতে বা দেশে গ্রহণযোগ্য নয়।’গর্ডোন হুয়েসটিস লিখেছেন, ‘এটা কষ্টদায়ক ও অবিশ্বাস্য কুিসত ঘটনা।’ রায়েস উদ্দিন নামের একজন লিখেছেন, ‘জনসম্মুখে প্রকাশ্য দিবালোকে তাঁর স্বামীর বিচার হওয়া উচিত ।’র্যালির আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই র্যালি ন্যায়বিচারের জন্য। তহবিল সংগ্রহের জন্য নয়। কিন্তু কেউ যদি রুমানা ও তাঁর পরিবারের সহায়তায় অনুদান দিতে আগ্রহী হন, তবে ইউবিসির দেওয়া নির্দেশনা অনুযায়ী তা করা যেতে পারে। রুমানা মনজুর ও তাঁর মেয়েকে আর্থিকভাবে সহায়তা দেওয়ার জন্য ইউবিসি পরিবার তহবিল সংগ্রহ করছে। ইউবিসির পক্ষ থেকে জানানো হয়েছে, রুমানা মনজুরের সহায়তায় ৩০ জুন পর্যন্ত তারা চেক ও নগদ অর্থ গ্রহণ করবে।ইউবিসির জনসংযোগ কর্মকর্তা স্কট ম্যাকরে জানিয়েছেন, রুমানা মনজুরের ঘটনা নিয়ে কানাডার গণমাধ্যমও বেশ সোচ্চার। ইতিমধ্যে কানাডার দ্য গ্লোব অ্যান্ড মেইল, দ্য টেই, সিবিসি নিউজ, সিটিভি নিউজ রুমানা মনজুরের ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ‘রুমানার জন্য ভালোবাসা’ শিরোনামে ইউবিসি ব্লগে বিভিন্ন খবর ও ছবি যুক্ত করা হয়েছে।