রুমী স্কোয়াডের চিঠিতে সাড়া নেই প্রধানমন্ত্রীর
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রধানমন্ত্রীকে ই-মেইলে খোলা চিঠি পাঠানোর ১০ ঘণ্টা পরও সাড়া পাননি শহীদ রুমী স্কোয়াডের অনশনকারীরা। অনশনের ১০০ ঘণ্টা পূরণ হওয়ায় প্রধানমন্ত্রীর দপ্তরে ই-মেইল করে অনশনকারীরা এই খোলা চিঠি পাঠান। স্কোয়াডের মুখপাত্র সেঁজুতি শোণিমা নদী প্রথম আলো ডটকমকে জানান, মেইল পাওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রুমী স্কোয়াডকে নিশ্চিত করা হয়েছে।জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ২৬ মার্চ রাত সাড়ে ১০টা থেকে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে শহীদ রুমী স্কোয়াডের ডাকে শুরু হয় এ আমরণ অনশন কর্মসূচি।শহীদ রুমী স্কোয়াডের মুখপাত্র প্রথম আলো ডটকমকে বলেন, যুদ্ধাপরাধে যুক্ত জামায়াতে ইসলামীকে কবে, কখন কীভাবে নিষিদ্ধ করা হচ্ছে, সে সম্পর্কে প্রধানমন্ত্রীকে বক্তব্য ও সুস্পষ্ট দিক নির্দেশনা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না এ বিষয়ে নির্দেশনা পাওয়া যাচ্ছে, ততক্ষণ এ অনশন চলবে। এ বিষয়ে সরকারের কোনো মুখপাত্র বা অন্য কারও মাধ্যমে দেওয়া বক্তব্য তরুণ প্রজন্ম মেনে নেবে না। যুদ্ধাপরাধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার জন্য প্রধানমন্ত্রীর সদিচ্ছা যথেষ্ট বলে ই-মেইলে বলা হয়েছে। যেকোনো মুহূর্তে আইনি, রাজনৈতিক বা সাংবিধানিকভাবে দলটিকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে পারবেন। তাঁরা বলেন, ন্যুরেমবার্গ ট্রায়ারেল মাধ্যমে নাৎসি দলের সব তৎপরতা ইউরোপজুড়ে বন্ধ হয়েছিল। বাংলাদেশেও একইভাবে যুদ্ধাপরাধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা সম্ভব। বিজয় না হলে মৃত্যুই একমাত্র পথ, যে পথে চূড়ান্ত লক্ষ্য অর্জন করা সম্ভব। তাঁরা এ পথে আছেন এবং থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সেঁজুতি। এক অনশনকারী হাসপাতালেরুমী স্কোয়াডের একজন সদস্যকে গতকাল শনিবার রাতে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর নাম শেউতি সাগুফতা। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রাত দেড়টার দিকে দুই অনশনকারী শেউতি সাগুফতা ও নাজমুল আলম জয়কে বারডেম হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে নাজমুল কিছুটা সুস্থ হয়ে অনশনস্থলে ফিরে যান। এ ছাড়া গতকাল সন্ধ্যা সাতটায় বারডেমে ভর্তি করা আলিফ প্রধান, রুবায়েত আদনান, মানিক সূত্রধর, শুভ মাহমুদ জ্যোতি, মেহেদী হাসান শুভ্র ও সাদাত হাসান নিলয়ও বারডেম থেকে অনশনস্থলে ফিরে গেছেন।টানা অনশনের ফলে পানিশূন্যতায় অনশনকারীদের অবস্থার অবনতি হচ্ছে বলে বারডেমের চিকিৎসকেরা জানিয়েছেন।