রুমী স্কোয়াডের অনশন ৪ এপ্রিল পর্যন্ত স্থগিত
পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের অনুরোধে ৪ এপ্রিল পর্যন্ত অনশন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন শহীদ রুমী স্কোয়াডের অনশনরত সদস্যরা। গতকাল সোমবার রাত নয়টায় পরিকল্পনামন্ত্রী গণজাগরণ মঞ্চে এসে আন্দোলনকারীদের অনশন ভঙ্গ করার অনুরোধ করেন। এ সময় তিনি বলেন, সরকার জামায়াত-শিবিরকে নিষিদ্ধের বিষয়টি বিবেচনা করছে। তাঁর বক্তব্যের পর অনশন ভাঙার ঘোষণা দেন স্কোয়াডের আহ্বায়ক সাদাত হোসেন। এ সময় স্কোয়াডের অনশনকারী অন্য সদস্যরা এ বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। এরপর সবাই মিলে জাতীয় জাদুঘরের সামনে তাঁদের অবস্থানকেন্দ্রে ফিরে আসেন। পরে অনশন ভাঙতে অনিচ্ছুকদের সঙ্গে আলোচনা করে অনশন ভাঙার সিদ্ধান্ত বহাল থাকে। এর আগে গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে পরিকল্পনামন্ত্রী জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে অনশনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, তিনি প্রয়োজনে সশরীরে অনশনকারীদের মতো পোশাক পরে তাঁদের সঙ্গে অনশনে যোগ দেবেন। এ প্রতিশ্রুতি দেওয়ার সময় মঞ্চে উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির। তিনি মাইক্রোফোন হাতে নিয়ে বলেন, ‘পরিকল্পনামন্ত্রী স্পষ্ট বলেছেন, যদি আপনাদের দাবি না মানা হয় তাহলে পদত্যাগ করে আপনাদের সঙ্গে যোগ দেবেন। এর চেয়ে বড় প্রতিশ্রুতি আর হতে পারে না।’ গত ২৬ মার্চ রাত সাড়ে ১০টায় রাষ্ট্রপতির নির্বাহী আদেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগ জাদুঘরের সামনে আমরণ অনশন শুরু করেন শহীদ রুমী স্কোয়াডের সাত সদস্য। অনশনের সপ্তম দিনে সোমবার পর্যন্ত এ সংখ্যা বেড়ে হয়েছিল ২৬ জনে।অনশন ভাঙার সিদ্ধান্ত ঘোষণার পর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এসে অনশনকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘আপনাদের এই প্রতিবাদ গণজাগরণ মঞ্চের শক্তিকে আরও বাড়িয়ে দেবে।’গণজাগরণ মঞ্চের সাংস্কৃতিক পরিবেশনা অব্যাহত: প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চে সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। গতকাল গান, কবিতা আবৃত্তি আর প্রতিবাদী স্লোগানে ধারাবাহিক আন্দোলনের ৫৬তম দিন পার করেছে মঞ্চ। মঞ্চের সংগঠকেরা জানান, ৪ এপ্রিল বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর ছয় দফা দাবিতে স্মারকলিপি প্রদানের আগে প্রতিদিন এভাবে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।