রুয়েটে ছাত্রলীগের ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান প্রকৌশলীর দপ্তরে ভাঙচুর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। অনিয়ম ও গালিফতির অভিযোগ এনে আজ সোমবার বিকেলে তাঁরা এ ভাঙচুর চালান। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রলীগের নেতা-কর্মীদের নেতৃত্বে বেশ কিছু শিক্ষার্থী আজ বিকেল চারটার দিকে প্রধান প্রকৌশলী অধ্যাপক শফিউদ্দিন মিয়ার সঙ্গে দেখা করতে যান। এ সময় তাঁকে দপ্তরে না পেয়ে ছাত্রলীগের নেতারা তাঁর কক্ষে তালা লাগিয়ে দেন এবং দপ্তরের সামনের একটি কাচের দরজা ভাঙচুর করেন। রুয়েট শাখা ছাত্রলীগের আহ্বায়ক হারুন-অর-রশিদ জানান, রুয়েটে প্রধানমন্ত্রীর নামে নির্মিত শেখ হাসিনা হলে বেশ কিছুদিন আগে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর অনেক সময় পার হয়ে গেলেও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী অধ্যাপক শফিউদ্দিন মিয়া সেটি স্থাপনে গাফিলতি করেন। গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রতিকৃতিটি উদ্বোধনের কথা থাকলেও তিনি তা করেননি। হারুন অভিযোগ করে বলেন, ‘অধ্যাপক শফিউদ্দিন মিয়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রধান প্রকৌশলীর পদে কাজ করছেন। এ জন্য তিনি ঠিকমতো ক্লাসে আসেন না। শিক্ষার্থীরা তাঁর কাছে কোনো সমস্যা নিয়ে গেলে তিনি তাঁদের সঙ্গে কথা বলেন না।’ তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও দাবি করেন হারুন। প্রকৌশলীর দপ্তরে তালা দেওয়ার কথা স্বীকার করলেও ভাঙচুর করার কথা তিনি অস্বীকার করেন। তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা উপচার্যের সঙ্গে সাক্ষাত্ করে অধ্যাপক শফিউদ্দিন মিয়াকে অপসারণের দাবি জানিয়েছেন।’ এ বিষয়ে উপাচার্য সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘ভাঙচুর করে তারা আমার সঙ্গে দেখা করতে এসেছিল। এটা খুবই খারাপ ব্যাপার। কোনো অভিযোগ থাকলে ওরা আগেই ছাত্র উপদেষ্টা বা উপাচার্যকে জানাতে পারত।’ভারপ্রাপ্ত প্রকৌশলী শফিউদ্দিন মিয়ার সহযোগিতাতেই প্রধানমন্ত্রীর প্রতিকৃতি স্থাপনের কাজ এগিয়ে চলছে বলে উপাচার্য জানান।