রুলের জবাব মেলে না সময়মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতোয়ার নামে বিচার-বহির্ভূত শাস্তি প্রদানসহ ফতোয়ার অপব্যবহার নিয়ে চ্যালেঞ্জ করে বেশ কয়েকটি রিট দায়ের হয়েছে উচ্চ আদালতে। যথারীতি নিয়মানুযায়ী সরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর রুলনিশি (কারণ দর্শানোর নোটিশ) জারি হয়েছে। কিন্তু এ সংক্রান্ত রুলের জবাব আসার নজির নেই।গত ২৫ মে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দোররা মারার ঘটনাকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিটে রুল জারি হলো। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রুল জারি করেন। এর সঙ্গে কিছু নির্দেশনাও দেন সরকারের প্রতি। এ রুলের জবাব দিতে এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। বিচার-বহির্ভূত শাস্তি চ্যালেঞ্জ করা কয়েকটি মামলা পর্যবেক্ষণ করে দেখা গেছে, সবগুলোতেই যথারীতি রুলের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু কোনোটারই জবাব আসেনি। ফলে সরকারের ওপর জারি হওয়া আইনি বাধ্যবাধকতা তৈরি হওয়ার যে চর্চার পথ, তা অনেকটাই দুর্গম হয়ে পড়ছে। রুলের জবাব না আসার কারণে এ সংক্রান্ত রিটের শুনানি বিলম্ব হচ্ছে। এ কারণে দীর্ঘসূত্রতার বলয় থেকে বের হতে না পেরে রায় আসছে না সময়মতো। ফলে বিচার-বহির্ভূত শাস্তি কিংবা ফতোয়ার অপব্যবহার বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অনুসন্ধানে দেখা গেছে, রুলের জবাব সময়মতো না আসা কিংবা কিছু ক্ষেত্রে জবাব একেবারেই না আসার পেছনে যে কারণ, তা হলো: সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতা, অ্যাটর্নি-জেনারেল অফিসের সঙ্গে সমন্বয়হীনতা, সরকারি আইনজীবীদের দায়িত্বের ব্যর্থতা এবং আদালতের বাধ্যবাধকতার কোনো কাঠামো বা চর্চা না থাকা। রুলের শুনানিমূলত কোনো রিট দায়েরের পর প্রাথমিক শুনানি শেষে সরকার ও কর্তৃপক্ষের ওপর রুল জারি হয় এবং একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় এ রুলের জবাব দিতে। কমপক্ষে এক সপ্তাহ থেকে শুরু করে কয়েক সপ্তাহ পর্যন্ত নির্দিষ্ট মেয়াদের মধ্যে রুলের জবাব দিতে আদেশ দেওয়া হয়। এটিই এ সংক্রান্ত মামলার পদ্ধতি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই রুলের জবাব আসছে না। কিছু ক্ষেত্রে দেখা গেছে, প্রতিপক্ষের ওপর নোটিশ জারি নিশ্চিত করার পর আবেদনকারী পক্ষ আদালতের নজরে এনে চূড়ান্ত শুনানির জন্য আবেদন করছেন। ফলে প্রাথমিক রুলের জবাব ছাড়াই চূড়ান্ত শুনানি শেষে রুলটি অ্যাবসোলিউট (চূড়ান্ত) করা হয় এবং রায় আসে। এ ধরনের রিটের ক্ষেত্রে প্রাথমিক রুলের জবাব আসা কতটা জরুরি, এ নিয়ে বিতর্ক আছে। কিন্তু মামলার বিচারের প্রক্রিয়ায় এ পদ্ধতিগুলো মানতে কোনো বাধ্যবাধকতার রেওয়াজ গড়ে ওঠেনি। এ রেওয়াজ গড়ে উঠলে যাদের ওপর রুলজারি হয় তারা দ্রুত জবাব দিতে বাধ্য হতেন বলেই বিশেষজ্ঞ মহল মনে করছে।কয়েকটি রিটের রুল১. কুড়িগ্রামে একটি স্কুলের প্রধান শিক্ষিকাকে মুখে হেজাব পরে না আসায় অশ্রাব্য ভাষায় গালি দেওয়াকে কেন্দ্র করে একটি রিট দায়ের করেন আইনজীবী সালাহউদ্দিন দোলন। রিট পিটিশন নম্বর ৪৪৯৫/০৯, দায়ের করা হয় বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চে। এতে শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব এবং অভিযুক্ত উপজেলা শিক্ষা কর্মকর্তাকে রুলের জবাব দিতে চার সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়। কয়েকবার সময় বাড়ানোর আবেদন করে ৩ নম্বর বিবাদী রুলের জবাব দাখিল করেন ২০১০ সালের ১৯ জানুয়ারি। শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রুলের জবাব আসেনি। পরে বেসরকারি মানবাধিকার সংস্থা বাংলাদেশ লিগ্যাল সার্ভিসেস অ্যান্ড ট্রাস্ট (ব্লাস্ট) মামলাটিতে পক্ষভুক্ত হয় ৩ মার্চ ২০১০। মামলাটি চূড়ান্ত শুনানিতে আসে এবং ৮ এপ্রিল এ রুলটি চূড়ান্ত হয়।২. সারা দেশে ফতোয়ার নামে বিচার-বহির্ভূত শাস্তি বন্ধে ২২ আগস্ট ২০০৯ একটি রিট পিটিশন দায়ের করে ব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্র, ব্র্যাক ও নিজেরা করি—এ চারটি মানবাধিকার সংগঠন। রিটটি দায়ের করা হয় বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি সৈয়দ কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত বেঞ্চে। রিট পিটিশন নম্বর ৫৮৬৩/০৯।২৫ আগস্ট প্রাথমিক শুনানি শেষে রুল জরি করা হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের আইজিপিকে চার সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয় রুলের জবাব দিতে। কোনো পক্ষ থেকেই রুলের জবাব মেলেনি। গত ২৪ মে ২০১০ আবেদনকারীদের পক্ষ থেকে বিচার-বহির্ভূত শাস্তি বন্ধে নির্দেশনা চেয়ে আবেদন করা হয় সংশ্লিষ্ট বেঞ্চে। ২ জুন এটি কার্যতালিকায় চূড়ান্ত শুনানির জন্য আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ৩. আইন ও সালিশ কেন্দ্র থেকে পক্ষভুক্ত হয়ে জানুয়ারি মাসে বিচার-বহির্ভূত শাস্তি-সম্পর্কিত একটি রিট দায়ের করা হয়। মামলা নম্বর ৭৫৪/২০১০। এখানে চার সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয় রুলের জবাব দিতে। কিন্তু কোনো প্রকার জবাব বা নোটিশ আদালতে উপস্থাপন করা হয়নি। মামলাটি চূড়ান্ত শুনানির জন্য রিট আবেদনকারীর পক্ষে আদালতে আবেদন করবেন বলে জানা গেছে। আইনজীবীদের অভিমতরুলের জবাব না আসার কারণে বিচার-প্রক্রিয়া নির্দিষ্ট সময় শেষ হয় না বলে মনে করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহউদ্দিন দোলন। তিনি মনে করেন, এ সংক্রান্ত রুলের জবাব দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগ বা সংস্থাগুলোর বাধ্যবাধকতা থাকে না। এখানে সরকার ও সরকারি সংস্থাগুলোর দায়িত্ববোধ সম্পর্কে সজাগ থাকতে হবে। তবে অ্যাটর্নি-জেনারেল অফিসের আরও তৎপর হওয়া উচিত বলে তিনি মনে করেন। এ প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি-জেনারেল নজরুল ইসলাম তালুকদার বলেন, অ্যাটর্নি-জেনারেল অফিস থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে। তাদের পত্রযোগে কিংবা ফোনেও জানানো হয়। তাদের কাছে নোটিশও পাঠানো হয়। কিন্তু সরকারি দপ্তরগুলো থেকে কোনো সাড়া আসে না অনেকাংশেই। এ ছাড়া পত্রপত্রিকার খবরের মাধ্যমে দপ্তরগুলো এ সম্পর্কে ওয়াকিবহাল হয়। তবুও অনেকাংশেই তারা উদাসীনতা দেখায়। এর পেছনে মূলত তিনটি কারণ তিনি চিহ্নিত করেছেন। প্রথমত, সংশ্লিষ্ট দপ্তরগুলো যোগাযোগ রাখে না অ্যাটর্নি-জেনারেল অফিসের সঙ্গে। দ্বিতীয়ত, তারা সতর্ক থাকে না এবং উচ্চ আদালতের যে অনেক ক্ষমতা রয়েছে, তা উপলব্ধি করে না। তৃতীয়ত, দপ্তরগুলো মামলার নোটিশকে গুরুত্ব দেয় না। তবে বর্তমান আটর্নি-জেনারেল অফিস এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখছে বলে তিনি মত দেন।