শবেবরাতের রাতে রাজধানীর উপকণ্ঠে সাভারের বড়দেশী গ্রামে গণপিটুনিতে ছয় ছাত্রের নিহত হওয়ার ঘটনায় জারি করা রুলের ওপর আগামী ১৫ নভেম্বর শুনানি হবে। আজ সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন।গত ১৭ জুলাই গভীর রাতে রাজধানীর উপকণ্ঠে আমিনবাজারের বড়দেশী গ্রামে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন ন্যাশনাল ফোরাম ফর প্রোটেকশন অব হিউম্যান রাইটসের মহাসচিব একটি রিট করলে ২০ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারি করেন। পরে এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৩ আগস্ট আদালত ওই ঘটনায় পুলিশের ভূমিকা তদন্তে এক সদস্যের বিচার বিভাগীয় কমিটি গঠন করতে নির্দেশ দেন। একই সঙ্গে কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। এ নির্দেশনা অনুসারে গত ৮ সেপ্টেম্বর কমিটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে প্রতিবেদন জমা দেয়। পরে প্রতিবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে পৌঁছায়। এরপর ১৩ অক্টোবর হাইকোর্টের দ্বৈত বেঞ্চ দুই পক্ষকে প্রতিবেদনের অনুলিপি সরবরাহ করতে বলে আজ সোমবার পরবর্তী দিন ধার্য করেন।আদালতে রিট আবেদনের পক্ষে এম বদরুদ্দোজা ও রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন। এম বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, আদালত রুল শুনানির জন্য ১৫ নভেম্বর দিন ধার্য করেছেন। পাশাপাশি প্রতিবেদনটি নথিভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।