রুশ বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পেলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক মানবিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি। গতকাল বুধবার সেন্ট পিটার্সবার্গ নগরে বিশ্ববিদ্যালয়ের রেক্টর নিকোলাই এম ক্রোপাচেভের কাছ থেকে ডক্টরেট ডিগ্রির সনদ গ্রহণ করেন শেখ হাসিনা।রাশিয়ার অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া এই ডিগ্রিকে বাংলাদেশ এবং দেশের জনগণের জন্য এক বিরল সম্মান হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ ডিগ্রি দেশ ও জনগণকে সেবা প্রদানে আমার দৃঢ়তা ও সংকল্পকে আরও জোরদার করবে।’ শেখ হাসিনা বাংলা ভাষা পাঠদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেন এবং এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে তাঁর সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন।রেক্টর নিকোলাই এম ক্রোপাচেভ বলেন, ‘আন্তর্জাতিক মানবিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মানজনক এই ডক্টরেট ডিগ্রি প্রদান করে বিশ্ববিদ্যালয় গর্ব বোধ করছে।’দারিদ্র্যকে বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে। কেননা, তাঁর সরকার বিশ্বাস করে, কেবল শিক্ষাই এ (দারিদ্র্য) সামাজিক ব্যাধি নির্মূল করতে পারে। তিনি বলেন, ‘আমরা ২০১১ সাল নাগাদ প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিশুর ভর্তি এবং ২০১৪ সাল নাগাদ শতভাগ সাক্ষরতা অর্জনের লক্ষ্যে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছি।’প্রধানমন্ত্রী আরও বলেন, তাঁর সরকার নারীদের রাজনীতিতে, প্রশাসনে, সশস্ত্র বাহিনীতে এবং সব পেশায় যোগদানে উৎসাহিত করছে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতেও বাংলাদেশের নারীরা কর্মরত। সন্ত্রাসবাদকে উন্নয়নের শত্রু উল্লেখ করে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ নির্মূলে সবার সহযোগিতা চান তিনি।প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের পররাষ্ট্রনীতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হলো ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’।” তিনি বলেন, ‘সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে আমি বিভিন্ন দেশ সফর করছি।’শেখ হাসিনা বলেন, তাঁর বর্তমান সরকার ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়তে এবং ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে একটি মধ্য-আয়ের দেশে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁর সরকার দ্রুততার সঙ্গে আইসিটি আইন ও আইসিটি নীতি-২০০৯ বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন তিনি।জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নকে দেশের জন্য সবচেয়ে বড় হুমকি বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মাত্র এক মিটার বাড়লে বাংলাদেশের মোট আয়তনের এক-চতুর্থাংশ তলিয়ে যাবে এবং দুই কোটি মানুষ বাস্তুচ্যুত হবে। এই পরিস্থিতি মোকাবিলায় তাঁর সরকার ১৩৪ দফার একটি অভিযোজন ও প্রশমন পরিকল্পনা গ্রহণ করেছে।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যলয়ে ওই অনুষ্ঠান শেষে সেন্ট পিটার্সবার্গে ভাষা ইনস্টিটিউট ও বাংলাদেশের অনারারি কনস্যুলেট ভবন পরিদর্শন করেন শেখ হাসিনা।তিন দিনের রাশিয়া সফর শেষে গতকাল স্থানীয় সময় বেলা সোয়া দুইটায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের পথে জার্মানির ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম সাইফুল হক, দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান। প্রধানমন্ত্রী ফ্রাঙ্কফুর্টে দুই ঘণ্টা যাত্রাবিরতির পর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ব্রাসেলসে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। বাসস।