রুশদি নিম্নমানের লেখক: ভারতীয় বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্যাটানিক ভার্সেসের মতো বিতর্কিত বই লেখার কারণেই সালমান রুশদি বেশি পরিচিত হয়ে ওঠেন। তা না হলে আগাগোড়ায় তিনি একজন নিম্নমানের লেখক।’ সালমান রুশদি সম্পর্কে এভাবেই মন্তব্য করেছেন সদ্য অবসরে যাওয়া ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি মারকান্দে কাতজু।বর্তমানে কাতজু ভারতের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান। তিনি বলেছেন, ‘ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক রুশদির প্রশংসাকারীরা ঔপনিবেশিক হীনম্মন্যতাবোধে ভুগছেন। জয়পুর সাহিত্য উত্সবে সালমান রুশদি তাঁর আধিপত্য বজায় রেখেছেন। রুশদিকে দেশে নিষিদ্ধ করার বিষয়টি সঠিক না বেঠিক—সে বিতর্কে আমি যেতে চাই না। কিন্তু আমি আরও গুরুত্বপূর্ণ মৌলিক একটি বিষয়ে কথা বলতে চাই। তা হলো রুশদির লেখা কিছু বই আমি পড়েছি। তাতে আমার মনে হয় না, তিনি একজন উঁচুমানের লেখক। স্যাটানিক ভার্সেসের বিতর্কিত বিষয়ের কারণে তিনি ব্যাপকভাবে পরিচিতি পান। এমনকি তাঁর মিডনাইটস চিলড্রেন গ্রন্থটিও নামমাত্র বড় সাহিত্যকর্ম।’বিচারপতি কাতজু আরও বলেন, ‘সব সমস্যার মূলে আছেন আজকের তথাকথিত শিক্ষিত ভারতীয়রা। তাঁরা আজও ব্রিটিশ ঔপনিবেশিক দাসত্বকে ভুলে যেতে পারেননি। যার কারণে তাঁরা ভাবেন, কোনো লেখক লন্ডন-নিউইয়র্কের বাসিন্দা হলেই তিনি একজন মহান লেখক হবেন। আর ভারতের লেখকেরা নিম্নমানের।’গত বৃহস্পতিবার শেষ হওয়া জয়পুর সাহিত্য উত্সবে রুশদিকে নিয়ে এ রকম আরও অনেক বিতর্ক লেগেই ছিল। কাতজু বলেন, ‘আমি ধর্মীয় কুসংস্কারের পক্ষে কথা বলছি না। কিন্তু রুশদির মতো একজন নিচুমানের লেখককে আমি নায়ক বলতে চাই না।’ টাইমস অব ইন্ডিয়া।