রুশদিকে হত্যার হুমকির তথ্য নেই পুলিশের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফরের সময় সালমান রুশদিকে হত্যা করা হবে—এমন হুমকির যথোপযুক্ত কোনো তথ্য নেই বলে জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ। ভাড়াটে খুনিরা হত্যা করার জন্য মুম্বাই থেকে এখন জয়পুরের পথে—এমন শঙ্কার কারণে বিতর্কিত লেখক সালমান রুশদি ভারতের জয়পুর সাহিত্য উত্সবে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সিদ্ধান্তের মাত্র এক দিন পরই আজ শনিবার মহারাষ্ট্র পুলিশ এই তথ্য দিয়েছে।আজ টাইমস অব ইন্ডিয়া অনলাইনে এ খবর প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়েছে, ভারত সফর করলে সালমান রুশদিকে হত্যা করা হবে—এই হুমকির কোনো তথ্য নেই পুলিশের কাছে।মহারাষ্ট্র পুলিশ প্রধান কে সুব্রামেনিয়াম বলেছেন, ‘সালমান রুশদিকে হত্যা করার জন্য মুম্বাই থেকে ভাড়াটে খুনিরা জয়পুরে আসছেন—এমন কোনো তথ্যই আমাদের কাছে নেই। তাই তা অন্যদের জানানোরও প্রয়োজন নেই।’ রাজস্থান পুলিশ এ ধরনের কোনো তথ্য রুশদিকে দিয়েছে কি না, সে বিষয়ে কিছু জানেন না বলেও জানিয়েছেন তিনি।গতকাল গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জয়পুর সাহিত্য উত্সবের প্রযোজক সঞ্জয় কে রায় জানিয়েছেন, বুকার-জয়ী লেখক সালমান রুশদি বলেছেন, মহারাষ্ট্র ও রাজস্থানের গোয়েন্দা সূত্র তাঁকে জানিয়েছে যে মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের ভাড়াটে খুনিরা রুশদিকে হত্যা করার জন্য এখন জয়পুরের দিকেই যাচ্ছে। এ ধরনের কোনো তথ্য পাওয়ার কথা অস্বীকার করেছে মুম্বাই পুলিশের গোয়েন্দা বিভাগ।ডেপুটি পুলিশ কমিশনার (গোয়েন্দা) নিসার তাম্বলি বলেছেন, ‘রুশদিকে হত্যার জন্য আন্ডারওয়ার্ল্ডে পরিকল্পনা করা হচ্ছে—এমন কোনো তথ্যই আমাদের কাছে আসেনি।’নাম প্রকাশে অনিচ্ছুক আইপিএসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘রুশদি শুধু মৌলবাদীদের কাছ থেকে হুমকি পেয়েছেন, আন্ডারওয়ার্ল্ড থেকে নয়।’জয়পুর সাহিত্য উত্সব এশিয়ার মধ্যে সবচেয়ে বড় সাহিত্য উত্সব। আর পাঁচ দিনব্যাপী এ উত্সবের প্রথম দিনেই ৬৫ বছর বয়সী লেখক সালমান রুশদির বক্তৃতা করার কথা ছিল। তবে তাঁকে হত্যা করা হবে, এ ধরনের শঙ্কার কারণেই গতকাল তিনি তা বাতিল করেছেন।সালমান রুশদি বলেছেন, ‘এই তথ্যের যথার্থতা নিয়ে এ মুহূর্তে আমি যদি সন্দেহ পোষণ করি, তাহলে সেটা হবে দায়িত্বজ্ঞানহীন একটা কাজ। আর এ কারণেই আমি জয়পুর সাহিত্য উত্সবে যোগ দিচ্ছি না।’গত সপ্তাহে ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার উপাচার্য ঘোষণা দিয়েছিলেন, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সালমান রুশদির ভারত সফর প্রতিহত করা হবে।তবে গতকাল উত্সবের পরিচালক উইলিয়াম দালরিম্পল বলেছিলেন, সরাসরি জয়পুর সাহিত্য উত্সবে উপস্থিত না থাকলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সালমান রুশদি উত্সবে অংশ নেবেন।সালমান রুশদির স্যাটানিক ভার্সেস উপন্যাসটি প্রকাশের কারণে তাঁর ওপর ক্ষুব্ধ হন মুসলমানরা।