রুশন আলী মুগদাপাড়া ফুটওভারব্রিজের গোড়ায় পিঠা বিক্রি করেন। বেলা তিনটার মধ্যে বসে যান চিতই পিঠা ও ভাপা পিঠা তৈরি করতে। রুশন আলী জানান, প্রতিদিন তিনি চার কেজি চালের পিঠা তৈরি করেন, যাতে খরচ ৫০০ টাকার মতো। প্রতি কেজি আতপ চালের দাম ৩৬ টাকা। আবার চার কেজি চাল গুঁড়া করতে খরচ হয় ২০ টাকা। ৪০ টাকা কেজির গুড় লাগে দুই কেজি। ভর্তার জন্য সরিষা, ধনেপাতা, কাঁচামরিচে খরচ হয় ৩০ টাকার মতো। লাকড়ি আর কেরোসিন তেল মিলিয়ে জ্বালানি খরচ প্রায় ৫০ টাকা।রুশন আলী সাতসকালেই চালের গুঁড়া, ভর্তা বানানো শেষ করে ফেলেন। দুপুরে খেয়েদেয়ে মুগদাপাড়া ঝিলপাড় থেকে হেঁটে চলে আসেন ব্রিজের গোড়ায়। বিকেল তিনটা থেকে পিঠা বিক্রি করেন। তাঁকে সহায়তা করে নাতিন সুরমা। রুশন আলী জানান, সুরমা সন্ধ্যার পর বাসায় ফিরে রান্না করতে বসে যায়। সে মুগদাপাড়ার একটি কিন্ডার গার্টেন স্কুলে পড়াশোনা করে। প্রতি মাসে ২৫০ টাকা বেতন দিতে হয়। এখন স্কুল বন্ধ। সুরমা জানুয়ারিতে ক্লাস ফোরে উঠবে। তখন ভর্তি ফি, বই-খাতার জন্য লাগবে তিন হাজার টাকার মতো।রুশন আলীর একটা পিঠার দাম পাঁচ টাকা। বিকেল থেকেই তাঁর দোকানে রিকশাওয়ালারা ভিড় করেন। তাঁরা চিতই পিঠা খান। রুশন আলীর ভাপা পিঠাও চলে, তবে একটু কম। তিনি বলেন, ‘রিকশাওয়ালারা তিন-চারটা পিঠা একবারেই খাইতে পারে। গার্মেন্টসের মেয়েরাও পিঠা খায়। তারা নেয় একটা-দুইটা।’রুশনের বাড়ি ঢাকার নবাবগঞ্জের বান্দুরা গ্রামে। তিনি ঢাকায় আসেন ১৯৭৫ সালে। প্রায় ২৫ বছর তিনি রিকশা চালিয়েছেন। রুশনের স্ত্রী মারা গেছেন ১৫ বছর আগে। এখন থাকেন মেয়ে রোকেয়ার সঙ্গে। তিনি বাংলামোটরে একটা অফিসের পরিচ্ছন্নতাকর্মী। রোকেয়া ভোর চারটায় উঠে রান্নাবান্না করেন। তারপর সকালের নাশতা করে দুপুরের খাবার নিয়ে অফিসে যান। সকাল সাতটা থেকে তাঁর অফিস। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। রোকেয়ার বেতন এক হাজার ৮০০ টাকা, ওভারটাইম করলে আরও শ তিনেক টাকা পান।রুশন আলীর মেয়ে-জামাই বদরুল কমলাপুরের একটি হোটেলে বাবুর্চির কাজ করতেন। বছর দুয়েক আগে তিনি ফেনসিডিলে আসক্ত হয়ে পড়েন। রুশন আলী বলেন, ‘ফেনসিডিল খাওয়ার জন্য চুরি শুরু করে বদরুল। একবার এক গ্যারেজের রিকশা চালানোর কথা বলে নিয়ে বিক্রি করে দিয়েছে। আমার মেয়ে ধারদেনা করে সেটা শোধ করেছে। ঘরে আর কোনো জিনিসপত্র নাই। সব বিক্রি করে ফেনসিডিল খাইছে। পাঁচ মাস আগের কথা, আমার মেয়ে অফিসে। আমি তখন ডাব বিক্রি করতে গেছি। বদরুল ঘরে ফাঁস দিল। ভালো পোলাডা সঙ্গদোষে শেষ অইয়া গেল। হে আমার মাইয়ারে ভালোবাইস্যা বিয়া করছে। আমার মাইয়াডা অহন কষ্টে আছে।’