জাহাঙ্গীরনগর বিশ্ব-বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফারহা নাজ রুহির মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। পুলিশ বলছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লাশের ময়নাতদন্তের প্রতিবেদন না দেওয়ায় রুহির মৃত্যুর কারণ উদ্ঘাটন করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে গতকাল শনিবার রুহির মৃত্যুকে অস্বাভাবিক দাবি করে লাশের ময়নাতদন্তের প্রতিবেদন দ্রুত প্রকাশের দাবিতে তাঁর সহপাঠী ও শিক্ষকেরা সংবাদ সম্মেলন করেন। তাঁরা ওই মৃত্যুর কারণ উদ্ঘাটনের দাবি জানিয়ে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহির সহপাঠীরা বলেন, গত সোমবার রাতে সাভারের ব্যাংক কলোনির একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় রুহির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুহির স্বামী পরিচয়দানকারী একই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র শাখাওয়াত হোসেন জিমিকে আটক করে পুলিশ। ঘটনার পর দিন সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পুলিশ বলছে, এখনো ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়ায় মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাচ্ছে না। সংবাদ সম্মেলনে অর্থনীতি বিভাগের সভাপতি আনু মুহাম্মদ বলেন, ন্যায়বিচারের স্বার্থে দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা প্রয়োজন। মৃত্যুর ঘটনায় কেউ জড়িত থাকলে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শরমিন্দ নীলোর্মিসহ রুহির সহপাঠীরা।এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উল্যাহ বলেন, শাখাওয়াত হোসেন পুলিশের হেফাজতে রয়েছেন। বিভিন্ন সময়ে জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এটি হত্যা না আত্মহৎযা তা জানা যাবে।