রুহুল আমিন এখন লাখপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১৪টি তেলাপিয়া দিয়ে মাছ চাষ শুরু তাঁর। মাত্র তিন বছরে তিনি এখন লাখপতি। এ বছরই বিক্রি করেছেন ২০ লাখ টাকার মাছ। এক সময়ের ফুটবলার আজকের সফল মাছচাষি। তিনি রুহুল আমিন (৪২)। বাড়ি যশোরের অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামে। রুহুল আমিন জানান, ২০০৭ সালে একটি জাতীয় দৈনিকে বেকার যুবকের মাছ চাষের সফলতার খবর পড়ে তিনি মাছ চাষে উদ্বুদ্ধ হন। মাত্র একটি পুকুর লিজ নিয়ে শুরু করেন মাছ চাষ। পোনা বিক্রেতার কাছ থেকে কিছু রুই-মৃগেলের সঙ্গে অনিচ্ছা সত্ত্বেও ১৪টি তেলাপিয়ার পোনা পুকুরে ছাড়েন তিনি। রুই-মৃগেলে তেমন ফলন হলো না। তবে তেলাপিয়ার বংশবিস্তার ছিল তাক লাগানোর মতো। তেলাপিয়া চাষে মনোনিবেশ করেন তিনি। একটি পুকুর থেকে আস্তে আস্তে একটি দিঘি, চারটি ছোট ঘের মিলিয়ে ১৭ বিঘা ঘেরের মালিক এখন তিনি। প্রথম বছর তেলাপিয়া চাষে তাঁর খাবার ও আনুষঙ্গিক খরচ ছিল মাত্র দুই হাজার টাকা। ওই বছর পাঁচ মণ তেলাপিয়া বিক্রি করে ১৬ হাজার টাকা পান তিনি। এরপর সব কটি ঘেরেই তেলাপিয়ার চাষ শুরু করেন। দ্বিতীয় বছর তিনি প্রায় ৩০ মণ মাছ বিক্রি করেন। প্রায় ২০ মণ মাছ পোনা হিসেবে ঘেরে রেখে দেন। তৃতীয় বছর ওই ২০ মণ মাছের পোনা থেকে প্রায় ৩০০ মণ মাছ পান। ওই মাছ ২০ লাখ টাকায় বিক্রি করেছেন। খরচ বাদ দিয়ে ১৬ লাখ টাকা লাভ হয়েছে তাঁর। বর্তমানে আরও প্রায় ১০০ মণ তেলাপিয়া তাঁর ঘেরে আছে।তিনি বলেন, ‘তেলাপিয়ার চাষ আমাকে বেকারত্বের হতাশা থেকে স্বাবলম্বী করে তুলেছে। সংবাদপত্রে একদিন তেলাপিয়া চাষ করে বেকার যুবকের দিনবদলের গল্প পড়ে উদ্বুদ্ধ হয়েছিলাম। আজ সেই গল্প আমার জীবনে বাস্তব হয়ে দেখা দিয়েছে। ভবিষ্যতে একটি গরুর খামার করার পরিকল্পনা আছে।’ অভয়নগর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আখতার উদ্দিন বলেন, তেলাপিয়া মাছ দুই থেকে আড়াই মাসের মধ্যে পূর্ণাঙ্গ হয়। একটি তেলাপিয়া একবারে ২০ থেকে ৩০ হাজার পোনার জন্ম দেয়। এভাবে বছরে তিনবার ডিম ছেড়ে ৫০ থেকে ৬০ হাজার পোনার জন্ম দেয়। তবে বড় মাছ ছোট পোনা খেয়ে ফেলায় ওই পরিমাণ পোনা শেষ পর্যন্ত টেকে না। রুহুল আমিন তেলাপিয়া চাষ করে সাফল্য পেয়েছেন। তাঁর এ দৃষ্টান্ত অন্যরা গ্রহণ করে স্বাবলম্বী হতে পারে। এ ক্ষেত্রে মৎস্য অফিস সম্ভাব্য সব সহায়তা দেবে।