রুহুল আমিনের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলতে বাধা নেই
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিল চেয়ে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের করা আবেদন খারিজ (রুল ডিসচার্জড) করে দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচরাপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালত থেকে বের হয়ে দুদকের আইনজীবী মোহাম্মদ তাইফুর কবীর প্রথম আলো অনলাইনকে বলেন, দুদকের করা মামলা বাতিল চেয়ে রুহুল আমিন হাওলাদারের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। এর ফলে মামলার কার্যক্রম চলতে বাধা নেই। ২০ বছর পর মামলাটি সচলের পথ সুগম হলো।আদালত সূত্র জানায়, ১৯৯১ সালের ৪ মে রমনা থানায় তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো রুহুল আমিন হাওলাদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করেছিল। এতে জামানতের অর্থ একতরফা ও এককভাবে হ্রাসের মাধ্যমে আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়। মামলা বাতিল চেয়ে রুহুল আমিন হাওলাদার হাইকোর্টে আবেদন করেন। ১৯৯২ সালে আদালত রুল জারি ও স্থগিতাদেশ দিয়েছিলেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ এই রায় ষোষণা করেন।