রুয়ান্ডায় আততায়ীর গুলিতে সাংবাদিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুয়ান্ডার রাজধানী কিগালিতে একটি ব্যক্তিমালিকানাধীন পত্রিকার সাংবাদিক জাঁ লিওনার্ড রুগামবাগে তাঁর বাড়ির সামনে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি আজ শনিবার জানায়, দুজন বন্দুকধারী উমুভুগিজি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রুগামবাগেকে গুলি করে একটি গাড়িতে করে পালিয়ে যায়।রুগামবাগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।পুলিশ বলছে, এ ঘটনায় কে বা কারা জড়িত তারা তা জানে না। তবে পত্রিকাটির নির্বাসিত সম্পাদক এ হত্যাকাণ্ডের জন্য সরকারকে দায়ী করেছেন।গত এপ্রিলে পত্রিকাটির প্রকাশনা স্থগিত করার পর উগান্ডায় নির্বাসিত পত্রিকাটির সম্পাদক জাঁ বসকো গাসাসিরা বলেন, রুগামবাগেকে হত্যার মূল পরিকল্পনাকারী রুয়ান্ডার সরকার। ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে গাসাসিরা আরও বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে গুলি করে হত্যা করেছে।’গাসাসিরা বলেন, গত সাপ্তাহিক ছুটির দিন সাবেক সেনাপ্রধান লে. জেনারেল ফস্টিন কাইয়ুমবা নিয়ামওয়াসাকে দক্ষিণ আফ্রিকায় হত্যা করার চেষ্টা নিয়ে একটি প্রতিবেদন উমুভুগুজি পত্রিকার ওয়েবসাইটে প্রকাশ হওয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে। তবে রুয়ান্ডা এ অভিযোগ অস্বীকার করেছে।এর আগে সরকার-বিরোধীদের উসকানি দেওয়ার অভিযোগে উমুভুগিজি পত্রিকাটির প্রচার ছয় মাসের জন্য স্থগিত করা হয়।