রুয়ান্ডায় দালালসহ ৫৫ বাংলাদেশি আটক
পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় ৫৪ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার দেশটির রাজধানী কিগালির দুটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।রুয়ান্ডার পুলিশ বলছে, এসব বাংলাদেশিকে মোজাম্বিকে পাচারের উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল। রুয়ান্ডার পুলিশ এর আগে গত সোমবার সাত্তার মিয়া নামের এক বাংলাদেশি দালালকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ৫৪ জনের ভ্রমণসংক্রান্ত কাগজপত্র পেয়েই কিগালির ভিন্ন ভিন্ন এলাকার দুটি বাড়ি থেকে ওই ৫৪ জন বাংলাদেশিকে উদ্ধার করে পুলিশ। তাঁরা সবাই পুরুষ, ১৯ থেকে ৪৯ বছর বয়সী। রুয়ান্ডার পুলিশের নিজস্ব ওয়েবসাইটে আটক ব্যক্তিদের ছবিসহ এসব তথ্য প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়, সোমবার রাত ১০টায় কিগালির হোটেল ওকাপি থেকে সাত্তারকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যানুযায়ী কিগালির গিকান্দো এলাকার একটি ভাড়া বাসা থেকে ৩০ জন ও কাচিরু এলাকার অন্য একটি বাসা থেকে ২৪ জনকে আটক করা হয়।ওয়েবসাইটে রুয়ান্ডার বিচারিক পুলিশের পরিচালক জঁ নেপো এমবোনিউমুভুনি বলেন, সাত্তার রুয়ান্ডায় বসে কীভাবে মানব পাচারের সমন্বয় করছিলেন, সব তথ্য পুলিশের কাছে রয়েছে। পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, দুবাই থেকে আদ্দিস-আবাবা (ইথিওপিয়া) হয়ে রুয়ান্ডা এবং তারপর মোজাম্বিকের রাজধানী মপুতো পর্যন্ত মানব পাচারের একটি চক্র গড়ে তুলেছেন সাত্তাররা। এই পথে এর আগেও মোজাম্বিকে মানব পাচার করা হয়েছে। আটক ৫৪ জনকে সোমবার রাতেই মোজাম্বিকে পাঠানোর কথা ছিল।রুয়ান্ডার পুলিশের ওয়েবসাইটে বলা হয়, ওই ৫৪ জন বাংলাদেশ থেকে এলেও তাঁরা কেউ কাউকে চেনেন না। কিগালিতে তাঁদের একত্রে জড়ো করা হয়েছে। সেখানেই তাঁদের প্রথম দেখা। তাঁদের মধ্যে মাত্র দুজন অল্প কিছু ইংরেজি বলতে পারেন। রুয়ান্ডা কর্তৃপক্ষ তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে।