রুয়ান্ডায় পাচারের সময় ৫৪ বাংলাদেশি আটক
৫৪ বাংলাদেশীকে আটক করেছে আফ্রিকার দেশ রুয়ান্ডার পুলিশ। আজ বুধবার রাজধানী কিগালির দুটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। এর আগে গত সোমবার রুয়ান্ডার পুলিশ সাত্তার মিয়া নামে এক বাংলাদেশি দালালকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া সাত্তার মিয়ার কাছ থেকে ৫৪ জনের ভ্রমণসংক্রান্ত কাগজপত্র পেয়েই কিগালির ভিন্ন ভিন্ন এলাকার দুটি বাড়ি থেকে ওই ৫৪ জনকে উদ্ধার করে পুলিশ। তাঁদের সবাই পুরুষ। তাঁদের মোজাম্বিকে পাঠানো হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। রুয়ান্ডার পুলিশের নিজস্ব ওয়েবসাইটে আটক ব্যক্তিদের ছবিসহ এসব তথ্য প্রকাশ করা হয়েছে।ওয়েবসাইটে বলা হয়, সোমবার রাজধানী কিগালির হোটেল ওকাপি থেকে সাত্তারকে গ্রেপ্তার করে পুলিশ। তারা সাত্তারের কাছ থেকে জানতে পারে, তিনি মানব পাচারের সঙ্গে জড়িত। তাঁর দেওয়া তথ্যানুযায়ী কিগালির গিকান্ডো এলাকার একটি ভাড়া বাসা থেকে ৩০ জন ও কাচিইরু এলাকার অন্য একটি বাসা থেকে ২৪ জনকে আটক করে পুলিশ। রুয়ান্ডার বিচারিক পুলিশের পরিচালক জাঁ নেপো এমবোনিউভুমুনি ওয়েবসাইটিতে জানিয়েছেন, তাঁদের কাছে সাত্তারের অপকর্মের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণাদি রয়েছে। সাত্তার রুয়ান্ডায় বসেই কীভাবে সব সমন্বয় করছিলেন, তার সব তথ্য পুলিশের কাছে রয়েছে।জাঁ নেপো বলেন পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, দুবাই থেকে আদ্দিস আবাবা (ইথিওপিয়া), রুয়ান্ডা হয়ে মাপুতো (মোজাম্বিকের রাজধানী) পর্যন্ত মানব পাচারের একটি চক্র গড়ে তুলেছেন সাত্তার ও তাঁর সঙ্গীরা। এই পথে এর আগেও মোজাম্বিকে মানব পাচার করা হয়েছে। ওই ৫৪ জনকে সোমবারই মাপুতো পাঠানোর কথা ছিল। এই চক্রে রুয়ান্ডার কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।জাঁ নেপো ওয়েবসাইটে বলেছেন, ওই ৫৪ জন একই দেশ (বাংলাদেশ) থেকে এলেও তাঁরা কেউ কাউকে চেনেন না। কিগালিতে তাঁদের একত্রে জড়ো করা হয়েছে। সেখানেই তাঁদের প্রথম দেখা। আটক ৫৪ জনের মধ্যে ১৯ থেকে ৪৯ বছর বয়সীরা রয়েছেন। তাঁদের মধ্যে মাত্র দুজন অল্প কিছু ইংরেজি বলতে পারেন। আর কেউ অন্য কোনো ভাষা জানেন না।রুয়ান্ডা কর্তৃপক্ষ তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি।