রুয়ান্ডায় যুদ্ধাপরাধের দায়ে ৩৫ বছরের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুয়ান্ডায় জাতিসংঘের অধীনে পরিচালিত একটি আদালত আজ বৃহস্পতিবার যুদ্ধাপরাধের দায়ে এক ব্যক্তিকে ৩৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। বিবিসি জানায়, রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটিআর) দেশের সাবেক মন্ত্রী অগাস্টিন নগিরাবাটওয়ারেকে এ শাস্তি দেন। তিনি ছিলেন ১৯৯৪ সালে রুয়ান্ডায় গৃহযুদ্ধের সময়কার গণহত্যার অন্যতম সংগঠক।যুদ্ধাপরাধের দায়ে আইসিটিআরে যাঁদের বিচার চলছিল, তাঁদের মধ্যে নগিরাবাটওয়ারে ছিলেন সর্বশেষ। এরপর আপিলের শুনানি চলবে।রুয়ান্ডায় ১৯৯৪ সালে হুতো ও তুতসি জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মাত্র তিন মাসে প্রায় আট লাখ মানুষ প্রাণ হারায়। আইসিটিআরের বিচারক উইলিয়াম হুসেইন সেকুল আজ নগিরাবাটওয়ারেকে গণহত্যা, গণহত্যায় প্ররোচনা দেওয়া ও ধর্ষণের দায়ে এ শাস্তি দেন।গণহত্যার সময় নগিরাবাটওয়ারে হুতু নেতৃত্বাধীন সরকারের পরিকল্পনামন্ত্রী ছিলেন। ২০০৭ সালে তাঁকে জার্মানিতে আটক করা হয়। ২০০৮ সালে তাঁকে তানজানিয়ার আরুশায় স্থাপিত আইসিটিআরের কাছে হস্তান্তর করা হয়। আইসিটিআর তার ওয়েবসাইটে জানায়, ১৯৯৪ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক সিদ্ধান্ত অনুসারে আদালতটি স্থাপন করা হয়। এখন পর্যন্ত ৭১টি মামলা পরিচালিত হয়েছে এ আদালতে। এতে অভিযুক্ত ১০ জনকে মুক্তি দেওয়া হয়েছে; কারাদণ্ড হয়েছে ৩২ জনের। ২০১৪ সালে আদালতের কাজ শেষ হবে।