রুয়েট অনির্দিষ্টকাল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্যাম্পাস-সংলগ্ন অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে রুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার পর আজ বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। কাল বৃহস্পতিবার সকাল নয়টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয়েছে।উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। রুয়েটের জনসংযোগ কর্মকর্তা গোলাম মর্তুজা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে শহীদ মিনারের বেদিতে পা রাখার ঘটনা কেন্দ্র করে রুয়েটের শিক্ষার্থী, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। আজ বুধবার দুপুর থেকে শুরু হয়ে দফায় দফায় চলা এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা রোধে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। রুয়েটের বিক্ষুব্ধ ছাত্ররা আজ অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে স্থানীয় সাংসদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেন। একই সঙ্গে তাঁরা সাংবাদিকদের মারধর করেন এবং তাঁদের ক্যামেরা ভাঙচুর করেন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ব্যক্তি, রুয়েট ক্যাম্পাস ও মতিহার থানা সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১২টার দিকে রুয়েট ক্যাম্পাসে নবনির্মিত শহীদ মিনারের বেদিতে পা রেখে বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিলেন অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাসান। এ সময় রুয়েটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তারেক ও কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র পাভেল তাঁদের শহীদ মিনারের বেদিতে পা রেখে বসতে নিষেধ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে দুপুরে রুয়েটের কয়েকজন শিক্ষার্থী পার্শ্ববর্তী তালাইমারী এলাকার একটি হোটেলে খাবার খেতে যান। এ সময় হাসান স্থানীয় কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে রুয়েটের ওই ছাত্রদের ওপর সশস্ত্র হামলা চালান। হামলায় ওই চারজন ছাত্র মারাত্মক আহত হন। পরে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রুয়েটের ছাত্রদের মারধরের খবর ছড়িয়ে পড়লে রুয়েটের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় অগ্রণী কলেজে অনুষ্ঠিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে রুয়েটের ছাত্ররা হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেন। একই সঙ্গে তাঁরা চেয়ার-টেবিল, দরজা-জানালা ও অন্যান্য আসবাব ব্যাপক ভাঙচুরসহ কলেজের কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে বেলা আড়াইটার দিকে রাজশাহীর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এ ঘটনার জের ধরে স্থানীয় এলাকাবাসী অগ্রণী কলেজের ছাত্রদের সঙ্গে নিয়ে রুয়েটের ছাত্রদের ওপর যৌথভাবে হামলা চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে রুয়েটের ছাত্ররা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলেও পুলিশের বাধার মুখে ব্যর্থ হয়। এ সময় উপস্থিত সাংবাদিকেরা ছবি তুলতে গেলে ছাত্ররা সাংবাদিকদের ওপর চড়াও হন। পরে সাংবাদিকেরা ঘটনার বিচার দাবিতে রাজশাহী জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ রুয়েট উপাচার্যের সঙ্গে সাক্ষাত্ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান। একই সঙ্গে তাঁরা ক্যামেরা ভাঙচুরের ক্ষতিপূরণও দাবি করেন। রুয়েটের উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা দুঃখজনক। বর্তমানে ক্যাম্পাস পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে এ ঘটনায় বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে তিনি উল্লেখ করেন।