রুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১০-১১ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী ও সহ-উপাচার্য মর্তুজা আলী। আজ শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড ও রুয়েটের ওয়েবসাইটে (www.ruet.ac.bd) ফলাফল জানা যাবে। পরীক্ষার্থীদের নিজ দায়িত্বে ফল জেনে নিতে বলা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৫ ডিসেম্বর থেকে প্রথম বর্ষের ভর্তির কার্যক্রম শুরু হবে। ভর্তি-সংক্রান্ত সব তথ্য রুয়েটের ওয়েবসাইটে পাওয়া যাবে।চলতি শিক্ষাবর্ষে রুয়েটের মোট ছয়টি বিভাগে ৪৮৫ জন ছাত্রছাত্রী ভর্তি করা হবে। এর মধ্যে পুরকৌশল, যন্ত্রকৌশল এবং তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রতিটিতে ১২০ জন করে মোট ৩৬০ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিইসি) বিভাগে ৬০ জন এবং ইলেকট্রিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) ও ইন্ডাস্ট্রিয়াল প্রডাক্টশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে ৩০ জন করে ৬০ ছাত্রছাত্রীকে ভর্তি করা হবে। এ ছাড়া আদিবাসী কোটায় পাঁচজন ভর্তির সুযোগ পাবেন।