এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক রূপকথা। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। নাটকটির নাম-ভূমিকায় অভিনয় করছেন ঈশিতা। কথা হলো তাঁর সঙ্গে।‘রূপকথা’ নাটকটি নিয়ে কিছু বলুন।রূপকথা নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছে। একসঙ্গে অনেকগুলো কাজ করার সুযোগও পেয়ে যায়। এবার তাকে নিয়ে নির্মাতাদের মধ্যে তৈরি হয় অসুস্থ প্রতিযোগিতা। নির্মাতাদের রাজনীতির শিকার হয় সে। আপনি নিজেও একজন অভিনয়শিল্পী। পর্দার রূপকথার সঙ্গে নিজের কোনো মিল খুঁজে পান?আমরা দুজন দুই জায়গা থেকে এসেছি—রূপকথা গ্রাম থেকে আর আমি এই শহরেই বড় হয়েছি। ছোটবেলা স্কুল থেকে ফিরেই মায়ের সঙ্গে চলে যেতাম নাটকের শুটিংয়ে। ঝামেলা কী জিনিস, তা কখনো দেখিনি। তবে রূপকথা নাটকের মধ্য দিয়ে এই মাধ্যমটাকে নতুন করে চিনছি, অনেক কিছু জানতে পারছি। আমার ধারণাটাই বদলে দিয়েছে।আজ তো এটিএন বাংলায় আপনার অভিনীত ‘চাঁদ ফুল অমাবস্যা’ ধারাবাহিকটিও দেখানো হবে।রূপকথা নাটকটি একজন অভিনয়শিল্পীর কথা আর চাঁদ ফুল অমাবস্যা হলো এই শহরের মধ্যবিত্ত কয়েকটি পরিবারের সুখ-দুঃখ আর টানাপোড়েনের গল্প নিয়ে। নাটকের ঘটনাগুলোকে খুব পরিচিত মনে হবে। কারণ, এগুলো আমাদের চারপাশ থেকেই নেওয়া। তবে এখানে অভিনয়ের যথেষ্ট সুযোগ আছে।এবার আপনার ছেলের কথা বলুন।যাবিরের বয়স আড়াই বছর হলো। স্কুলে যাচ্ছে। প্লে গ্রুপে ভর্তি করিয়েছি। পড়াশোনা নেই, খেলাধুলা করে চলে আসে। বছর খানেক হলো আমি তো চ্যানেল আইতে আছি। মা আর শাশুড়ি আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন। তাই তো অফিস আর পরিবারের কাজের ফাঁকে অভিনয়ের জন্য কিছুটা সময় বের করতে পারছি।