রূপকথার মঞ্চে টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী সুনিপুণ নাট্যকার ক্রিকেট-বিধাতা! কী অপার তাঁর মহিমা! নিপুণ হাতে অক্ষরের পাড় বুনে বুনে সাজিয়েছেন চিত্রকল্প। যেখানে যেমন প্রয়োজন, ঠিক সে রকম দাড়ি-কমা আর অনুপ্রাস চয়ন করে শচীন রমেশ টেন্ডুলকারকে নিয়ে গেলেন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ড আর কানায় কানায় পূর্ণ অর্জনের ডালি নিয়ে টেন্ডুলকার একজন ক্রিকেট-আচার্য। শুধু একটা মাত্র অপ্রাপ্তি—ক্রিকেটের শ্রেষ্ঠতম উপহার বিশ্বকাপ ট্রফি জেতা হয়নি কখনো। অর্জনের মুকুটে গাঁথা হয়নি সবচেয়ে উজ্জ্বল পালকটি। এই অভাব পূরণের সুবর্ণ সুযোগও ক্রিকেট-বিধাতা এনে দিয়েছেন এবার। স্বপ্ন পূরণের মঞ্চ বানিয়ে দিয়েছেন টেন্ডুলকারের নিজের শহর, নিজের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামকে।ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাত্র ৩৩-৩৪ হাজার মানুষই বসতে পারবে। স্টেডিয়ামের বাইরেও শতকোটি মানুষ প্রার্থনায় থাকবে টেন্ডুলকারের জন্য। টেন্ডুলকার কি পারবেন নিজের শহরে, নিজের মঞ্চে চিত্রনাট্যের শেষটা নিজের মতো করে সাজিয়ে নিতে?মুম্বাই-ফাইনালের রোমাঞ্চ ছুঁয়েছে ক্রিকেটের রেকর্ড-পুত্রকেও। পরশু সেমিফাইনাল শেষে বলেছেন, ‘দারুণ এক উপলক্ষ হতে চলেছে এটা।’ ভারতের শতকোটি মানুষের চোখে বিশ্বজয়ের স্বপ্ন, সেই স্বপ্নের সারথি টেন্ডুলকার। এই বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬৪ রান করে ভারতকে একের পর এক ধাপ পার করে নিয়ে এসেছেন সবচেয়ে বড় মঞ্চে। এখানেও সবার প্রত্যাশা পূরণ করতে পারবেন বলে বিশ্বাস টেন্ডুলকারের, ‘আমরা নিজেদের কাজের প্রতি মনোযোগী। আশা করছি, সবকিছু ঠিকভাবে শেষ করতে পারব।’মুম্বাইয়ে যদি প্রত্যাশা-প্রতিশ্রুতি এক বিন্দুতে মিলে যায়, যদি টেন্ডুলকারের জাদুর পরশে সবকিছু হয়ে ওঠে রঙিন; ক্রিকেটেরই শাপমুক্তি হয় তাতে। জীবনে ক্রিকেটকে কি কম দিয়েছেন ব্যাটিংয়ের কবি! ক্রিকেটই বা তাহলে তাঁকে জীবনের সেরা প্রাপ্তি থেকে বঞ্চিত রাখবে কেন? ভারত যখন ১৯৮৩ সালে বিশ্বকাপ জেতে, টেন্ডুলকার তখন ১০ বছরের কিশোর। রুপালি আলোয় সোনালি ট্রফিটাকে উঁচিয়ে ধরতে দেখেছেন কপিল দেবকে। সেই থেকে একটা ছবি মনের মধ্যে এঁকে নিয়েছেন টেন্ডুলকার—‘একদিন আমরাও...।’ স্বপ্নের মায়াঞ্জন চোখে এঁকে খেলে ফেলেছেন পাঁচটি বিশ্বকাপ। পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদের রেকর্ড ছুঁয়ে এবার এসেছেন ষষ্ঠ বিশ্বকাপ খেলতে। ১৯৯৬ বিশ্বকাপে ভারত সেমিফাইনালে গেলেও শ্রীলঙ্কার ঘূর্ণি জাদুতে লুট হয়ে যায় ফাইনালের স্বপ্ন। ২০০৩ সালে গিয়েছিলেন স্বপ্ন পূরণের আরও কাছে। কিন্তু ফাইনালে পন্টিংয়ের ব্যাট উড়িয়ে দেয় টেন্ডুলকারের ভারতকে। অপ্রাপ্তি তাঁর আর ঘোচেই না! দীর্ঘ অতৃপ্তি ঘোচানোর তীব্র বাসনা নিয়েই এবার নিজের দেশের বিশ্বকাপটা খেলতে নেমেছেন টেন্ডুলকার। ১৯৮৩ সালে তাঁর বর্তমান সতীর্থদের অনেকের জন্মই হয়নি। অনেকে পৃথিবীর আলো দেখলেও ক্রিকেট বোঝার বয়স তখনো হয়নি। এবার তাঁরা সবাই মিলেই টেন্ডুলকারের ‘বিদায়ী’ বিশ্বকাপটাকে ভরিয়ে দিতে চান উজ্জ্বল আলোয়।এবার হয়তো সবকিছু মিলবে একই মোহনায়। সেরা প্রাপ্তিটা আসবে নাটকের একেবারে শেষ দৃশ্যে। ক্রিকেট-বিধাতা হয়তো এর জন্যই অপেক্ষা করে ছিলেন, চিত্রনাট্যটা সাজিয়ে রেখেছিলেন এভাবেই! বিশ্বকাপের আগের কোনো ফাইনালই যে টেন্ডুলকারের নিজের স্টেডিয়াম ওয়াংখেড়েতে হয়নি। নিজের মাঠে নিজের সেরা প্রাপ্তির স্মারক উঁচিয়ে ধরবেন টেন্ডুলকার, এর চেয়ে বড় রূপকথা আর কী হতে পারে!