রূপগঞ্জে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মিষ্টির দোকানে আগুন লেগে জয়কৃষ্ণ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর এলাকার তারাবো বাজারে এ ঘটনা ঘটে।নিহত জয়কৃষ্ণের বাড়ি রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের হাওলীপাড়া এলাকায়। তারা দুই ভাই ও এক বোন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তারাবো বাজারের মিষ্টির দোকানটি জয়কৃষ্ণের বাবা হরিকৃষ্ণের। জয়কৃষ্ণ তাঁর বাবার দোকানে কাজ করত। পয়লা বৈশাখ সামনে রেখে বাবা ও ছেলে গতকাল গভীর রাত পর্যন্ত মিষ্টি তৈরির কাজে ব্যস্ত ছিলেন। রাতে ক্লান্ত জয়কৃষ্ণ দোকানেই ঘুমিয়ে পড়লে তার বাবা তাকে সেখানে রেখে বাড়ি চলে যান। রাত দেড়টার দিকে আগুন লাগলে ঘুমন্ত অবস্থায় জয়কৃষ্ণ আগুনে দগ্ধ হয়ে মারা যায়।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, দোকানটিতে গতকাল রাত দেড়টার দিকে আগুন লাগে। স্থানীয় লোকজন ও ডেমরা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দোকানের ভেতর থেকে জয়কৃষ্ণের পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।