রূপগঞ্জে আতঙ্ক, একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিস্থিতি গতকাল শান্ত থাকলেও সম্ভাব্য ধরপাকড় ও হয়রানির ভয়ে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সেনা আবাসন প্রকল্পের (আর্মি হাউজিং স্কিম) জমি কেনা নিয়ে শনিবার গ্রামবাসীর সঙ্গে সেনা, র‌্যাব ও পুলিশের সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে গতকাল একজন মারা গেছেন। তাঁর নাম মোস্তফা জামাল হায়দার (২৮)।এ ঘটনায় অজ্ঞাতনামা তিন-চার হাজার গ্রামবাসীকে আসামি করে মামলা করেছে পুলিশ। রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মুনসেফ এ মামলার বাদী। আসামিদের বিরুদ্ধে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, ভাঙচুর ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। র‌্যারের পক্ষ থেকেই একটি মামলা করা হয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকেও মামলা করা হবে।রূপগঞ্জ বাজার ছাড়া আশপাশের সব এলাকার দোকানপাট গতকাল বন্ধ ছিল। গ্রামের রাস্তাঘাটও ছিল প্রায় ফাঁকা। গ্রেপ্তারের ভয়ে অনেক লোক গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এলাকায় তিন শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।সেনাক্যাম্প নিয়ে প্রশ্ন: গ্রামবাসী জানান, ছয় মাস আগে থেকে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ও রূপগঞ্জ ইউনিয়নের ২৪টি মৌজায় জমি কেনা শুরু করেন সেনা আবাসন প্রকল্পের কর্মকর্তারা। তাঁরা উপজেলার তানমুশরি, পূর্বগ্রাম, ইছাপুরা ও রূপগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসের পাশে ক্যাম্প বসিয়ে ওই প্রকল্পের নামে প্রায় জোর করে জমি কিনতে শুরু করেন। এ জন্য সেনাবাহিনী চারটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে। এলাকার লোকজন এভাবে ক্যাম্প বসিয়ে জমি কেনার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।জানতে চাইলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘সেনাবাহিনীর তিন ধরনের ক্যাম্প থাকতে পারে। এগুলো হচ্ছে প্রশিক্ষণ, অপারেশন ও প্রশাসনিক। জনগণের ক্ষতি না করেই ক্যাম্প করার নিয়ম রয়েছে। ক্যাম্পের কারণে যদি কারও ক্ষতি হয়, সেটা দিতে হবে।’গতকাল সকালে রূপগঞ্জ এলাকায় গিয়ে দেখা গেছে, রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের সামনে বহুতল সাইজউদ্দিন ভিলা। এ ভবনের তৃতীয় ও চতুর্থ তলাজুড়ে সেনা আবাসন প্রকল্পের সাইট অফিস। এলাকার লোকজন জানান, প্রতিদিন সকাল থেকেই সেনাসদস্যরা সেখানে অবস্থান করে জমি কেনাবেচা তদারক করতেন। এদের নিয়ন্ত্রণ করতেন মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা। তাঁদের অনুমতি ছাড়া নির্ধারিত ২৪টি মৌজার জমি মানুষ কেনাবেচা করতে পারত না।রূপগঞ্জের সাব-রেজিস্ট্রার নাজমুল আলম প্রধান প্রথম আলোকে বলেন, কায়েতপাড়া ও রূপগঞ্জ ইউনিয়নের ২০টি পূর্ণ ও চারটি আংশিক মৌজায় জমি কেনাবেচা না করার জন্য মৌখিক নির্দেশ দিয়েছিলেন সেনাসদস্যরা। এসব মৌজায় জমি কিনতে বা বিক্রি করতে হলে তাঁদের অনুমতি নিতে হতো। তিনি বলেন, সেনাসদস্যরা সাব-রেজিস্ট্রি অফিসের ভেতর বসে থাকতেন। তাঁরা গ্রামের লোকজনকে দলিল করতে দিতেন না। কেউ দলিল করলেও তাঁকে টিপ সই দিতে দিতেন না। তিনি বলেন, গত বুধবার গ্রামের কয়েক শ মানুষ এর প্রতিবাদ করলে সেনা আবাসন প্রকল্পের একজন কর্মকর্তা ওই ২৪টি মৌজার মাত্র ১৫টি দলিল সম্পাদনের অনুমতি দেন। এ নির্দেশের কোনো বৈধতা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এটা বেআইনি। কেউ এভাবে জমি কেনাবেচায় বাধা দিতে পারেন না।রূপগঞ্জ দলিল লেখক সমিতির আহ্বায়ক কাজী আমানউল্লাহ প্রথম আলোকে বলেন, ২৪টি মৌজার জমি কেনাবেচায় সেনাসদস্যরা বাধা দিতেন। ভয়ে দলিল লেখকেরাও ওই সব এলাকার দলিল করতে চাইতেন না।ইছাপুরা বাজার এলাকার মুদি দোকানি আবদুর রউফ বলেন, তাঁর তিন বিঘা জমি আছে। এই জমির বাজারমূল্য প্রতি বিঘা ৫০ লাখ টাকা। কিন্তু সেনা আবাসন প্রকল্পের জন্য ১৪-১৫ লাখ টাকা দরে জমি বিক্রি করতে চাপ দেওয়া হয়।রূপগঞ্জ বাজারের হোমিও চিকিৎসক জোগীষ চন্দ্র জানান, ওই এলাকায় বর্তমানে জায়গার দাম বিঘাপ্রতি ৩০ লাখ টাকার বেশি। কিন্তু সেনাবাহিনীর আবাসন প্রকল্পের লোকজন সেই জমি ১২ থেকে ১৪ লাখ টাকায় বিক্রি করতে বাধ্য করতেন। যাঁরা এই দামে জমি বিক্রি করতে রাজি হতেন না, তাঁদের দলিল ছিঁড়ে ফেলা হতো।গ্রামের আরেক ব্যক্তি জানান, কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হবু মিয়ার ছোট ভাই মহিবুল হজে যাওয়ার জন্য তাঁর আরেক ছোট ভাইয়ের কাছে জমি বিক্রি করতে চাইলে সে জমি বেচতে দেওয়া হয়নি। সাব-রেজিস্ট্রি অফিসের সামনেই তাঁর দলিল ছিঁড়ে ফেলেন এক সেনাসদস্য। রূপগঞ্জ এলাকায় এ রকম অভিযোগকারীর সংখ্যা অনেক।এলাকাবাসী জানান, এসব কারণেই কায়েতপাড়া ও রূপগঞ্জ ইউনিয়ন এলাকার প্রায় ৪০ গ্রামের মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এই ক্ষোভের বিস্ফোরণ ঘটে শনিবার।নেপথ্যে আবাসন কোম্পানি: এলাকাবাসীর অনেকেই জানিয়েছেন, এ এলাকায় ব্যক্তিমালিকানাধীন প্রায় ২০টি আবাসন কোম্পানি রয়েছে। এরা জায়গা দখল করে শত শত সাইনবোর্ড ঝুলিয়েছে। ইছাপুরা থেকে রূপগঞ্জ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে এ রকম শত শত সাইনবোর্ড চোখে পড়ে। তবে বেশির ভাগ স্থানে কিছু জায়গা বালু দিয়ে ভরাট করা ছাড়া আর কোনো উল্লেখযোগ্য কাজ হয়নি। অনেকে বলেছেন, সেনা আবাসন প্রকল্পের জমি কেনার কারণে এসব প্রকল্পের লোকজন সংকটে পড়ে। গ্রামবাসীকে খেপিয়ে তোলার পেছনে তাঁদেরও ইন্ধন রয়েছে। ঘটনার সময় শত শত মানুষ একই ধরনের গেঞ্জি পরে ছিলেন। এঁদের গায়ে বিশেষ স্লোগান লেখা ছিল, হাতে ছিল দুই ফুট লম্বা লাঠি।দালালশ্রেণী: গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সেনা আবাসন প্রকল্পের জমি কেনার জন্য কিছু দালাল গড়ে উঠেছিল। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলী ও আওয়ামী লীগের আরেক নেতা তারেক এই চক্রের হোতা। এঁরা গ্রামবাসীকে ভয় দেখিয়ে কম দামে জমি বেচতে বাধ্য করতেন।জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া বলেন, সেনাবাহিনীর জমি বেচাকেনা নিয়ে একটি সমঝোতা হওয়ার পর পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছে। ঘটনায় আহত হয়ে যাঁরা হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের দু-একজন ছাড়া সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।দুজন নিখোঁজ: রূপগঞ্জ উপজেলার ইছাপুরা বানিয়াছনী এলাকার মুদি দোকানি শহর আলী অভিযোগ করেন, শনিবার সকালে তাঁর ছেলে মাসুদ (৩২) এলাকার লোকজনের সঙ্গে মিছিলে যান। মিছিলটি ইছাপুরা ব্রিজের কাছে গেলে গুলি ছোড়া হয়। এতে মাসুদ ও সাইদুর রহমান গুলিবিদ্ধ হন। তিনি জানান, এর পর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁদের পাওয়া যাচ্ছে না। কায়েতপাড়ার বাসিন্দা মোস্তফা মোল্লা অভিযোগ করেন, সেনাক্যাম্পে তাঁর ছেলে শমসের মোল্লার পড়ে থাকার ছবি পত্রিকায় ছাপা হয়েছে। কিন্তু তার কোনো খোঁজ নেই।রূপগঞ্জ থানার পরিদর্শক আক্তারুজ্জামান জানান, শনিবারের সংঘর্ষের সময় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে একজন বেসামরিক লোককে গুরুতর আহত অবস্থায় সেনাবাহিনীর হেলিকপ্টারে করে সিএমএইচে নেওয়া হয়।