নিহত জামালের বাবার আক্ষেপ, ‘যেখানে ছেলের লাশ দাফন করার অধিকার নেই। সেখানে কার বিরুদ্ধে মামলা করব?’
রূপগঞ্জে এখনো দুজন নিখোঁজ, মামলা নয়, জিডি নিয়েছে থানা
রূপগঞ্জে সেনাবাহিনীর আবাসন প্রকল্পের জন্য জমি কেনা নিয়ে সংঘর্ষের ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। তাঁদের পরিবারের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ দুজন হলেন রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাড়িয়াছনী এলাকার শহর আলীর ছেলে আবদুল আলী মাসুদ (৩২) ও লেহাজউদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (২২)। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ২৩ অক্টোবরের ঘটনায় তাঁরা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। র্যাব তাঁদের গাড়িতে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত লাশ পাওয়া যায়নি। থানা হত্যা মামলা না নিয়ে জিডি লিখে তাতে নিখোঁজ দুই যুবকের বাবার সই নেয়।এদিকে সংঘর্ষের চার দিন পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। গ্রেপ্তার আতঙ্কে এলাকার অনেক মানুষ এখনো এলাকাছাড়া। সন্ধ্যার পর কায়েতপাড়া ও রূপগঞ্জ ইউনিয়ন ভুতুড়ে এলাকায় পরিণত হয়। নিখোঁজ মাসুদের বাবা শহর আলী জানান, শনিবার সকালে তাঁর ছেলে ফলের দোকান বন্ধ করে ইছাপুরা ব্রিজের কাছে এলাকাবাসীর মিছিল দেখতে যায়। সেখানে মিছিলে গুলি হলে মাসুদ আহত হয়। পরে র্যাবের সদস্যরা তার লাশ গাড়িতে তুলে নিয়ে যান। এর পর থেকে অনেক খুঁজেও ছেলের সন্ধান মেলেনি। তিনি জানান, প্রথম দিন থানায় মামলা করতে গেলেও পুলিশ তা নেয়নি। দ্বিতীয় দিন দুই ঘণ্টা থানায় বসিয়ে রেখে পুলিশ জানায়, এভাবে লিখলে জিডি হবে না। পরদিন (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টায় থানায় গেলে পুলিশ একটি অভিযোগ লিখে সেখানে তাঁর সই নেয়। অভিযোগে লেখা হয়, মাসুদ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করা হয়। একই এলাকার নিখোঁজ সাইদুল ইসলামের বাবা লেহাজউদ্দিন অভিযোগ করেন, ‘শনিবার সকালে বাজার করে বাড়ি ফেরার পথে আমার ছেলে নিখোঁজ হয়—এমন অভিযোগ লিখে পুলিশ আমার কাছ থেকে সই নেয়। আমরা ওই দিনের ঘটনা উল্লেখ করে অভিযোগ করি, ইছাপুরা ব্রিজের কাছে এলাকাবাসীর মিছিলে র্যাব গুলি চালালে সাইদুল ইসলাম গুলিবিদ্ধ হয়। র্যাবের সদস্যরা তাকে গাড়িতে তুলে নিয়ে যান। এরপর তার সন্ধান বা লাশ পাওয়া যায়নি। এই অভিযোগ করতে চাইলে পুলিশ নিখোঁজ হয়েছে উল্লেখ করে জিডি গ্রহণ করে।’ ছেলের খোঁজ না পেয়ে সাইদুলের মা সাজেদা বেগম বারবার মূর্ছা যান।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা সোহেল রানা ও চান মিয়া জানান, সন্ধ্যার পর এলাকায় কারফিউর মতো অবস্থার সৃষ্টি হয়। গ্রেপ্তার আতঙ্কে বেশির ভাগ পুরুষ বাড়িতে থাকে না। গ্রামবাসী জানান, সোমবার রাত সাড়ে ১১টায় পূর্বগ্রাম ও রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসসংলগ্ন সেনাক্যাম্প থেকে সেনাবাহিনীর মালামাল বেসরকারি তিনটি ট্রাকে করে র্যাব-পুলিশের পাহারায় সেনাসদস্যরা সরিয়ে নিয়ে যান। ওই সময় মাইকিং করে বলা হয়, রাত নয়টার পর কেউ ঘর থেকে বের হবেন না।গ্রামবাসী আরও জানান, গুলিবিদ্ধ মোস্তফা জামালের মৃত্যুর ঘটনায় স্থানীয় সাংসদ গোলাম দস্তগীর গাজীসহ আওয়ামী লীগ ও বিএনপির কোনো নেতা তাঁর পরিবারকে সমবেদনা পর্যন্ত জানাতে আসেননি। জামাল হত্যার পর কোনো মামলাও করা যায়নি।জামালের বাবা আবদুর রফিক গতকাল সাংবাদিকদের বলেন, ‘যেখানে ছেলের লাশ দাফন করার অধিকার নেই। সেখানে কার বিরুদ্ধে মামলা করব?’রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার জানান, নিখোঁজের ঘটনায় থানায় দুটি জিডি নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। র্যাব ও পুলিশের মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।