রূপগঞ্জে ট্রাকের চাপায় শিশু নিহত, প্রতিবাদে অবরোধ, গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকায় গতকাল শনিবার সকালে ট্রাকের চাপায় ফয়সাল (৭) নামের এক শিশু নিহত হয়েছে। এতে ক্ষুব্ধ এলাকাবাসী সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম-সিলেট বাইপাস সড়ক অবরোধ করে রাখে। এ সময় ১০-১২টি গাড়ি ভাঙচুর করা হয়। ফয়সাল কালাদি এলাকার মতিউর রহমানের ছেলে। সে কালাদি ফাজিল মাদ্রাসায় প্রথম শ্রেণীর পড়ত।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠে ফয়সাল বাড়ির কাছে বাইপাস সড়কের পাশে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিল। এ সময় পেছন থেকে দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ফয়সালের মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা ওই সড়কে টায়ার জ্বালিয়ে ছয় ঘণ্টা অবরোধ করে। দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। ভাঙচুর করে ১০-১২টি গাড়ি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর একটার দিকে জনতা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান সিকদার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাবাসী নিজ উদ্যোগে ঢাকা-চটগ্রাম-সিলেট বাইপাস সড়কে দুটি গতিরোধক নির্মাণ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।এর আগে গত সপ্তাহে কাঞ্চন পৌরসভার শিল্পপতি ও যুবলীগের নেতা তাইজুদ্দিন আহম্মেদ তারাবি নামাজ পড়তে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন। গত এক মাসে ওই সড়কে ১০টি দুর্ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত এবং ৩০-৩৫ জনের বেশি আহত হয়েছে।