রূপগঞ্জে নতুন মজুরি কাঠামোর দাবিতে শ্রমিকদের হামলা-ভাঙচুর, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেতন বাড়ানোর দাবিতে আজ শনিবার শ্রমিকরা একটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়েছেন। এতে ১০ জন আহত হয়েছেন। ওই সময় শ্রমিকরা প্রায় আধা ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে চার-পাঁচটি গাড়ি ভাঙচুর করেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও পুলিশ জানায়, আজ রূপগঞ্জের ভুলতায় অবস্থিত পোশাক তৈরির প্রতিষ্ঠান রবিন টেক্স বিডি লিমিটেডের শ্রমিকরা নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা মূল ফটকে তালা লাগিয়ে কারখানার ভেতরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন।হামলায় কারখানার কর্মকর্তা সামছুন নাহার (২৮), শ্রমিক আকলিমা (২৩), দেলোয়ার (২৭), মহিবুর (২১), ইকবাল (২৮), মোফাজ্জল (২২), ইমান আলীসহ (২০) কমপক্ষে ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের রূপগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।এরপর শ্রমিকরা সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরুদ্ধ করে চার-পাঁচটি যানবাহন ভাঙচুর করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে ছয় কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।কারখানার পোশাকশ্রমিক নিলুফার ইয়াছমিন, জাকির হোসেন ও আলাউদ্দিন জানান, সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন ভাতা না দিয়ে মালিকপক্ষ পুরোনো নিয়মে বেতন-ভাতা প্রদান করে আসছে। গত বৃহস্পতিবার শ্রমিকদের পুরোনো নিয়মে বেতন-ভাতা দিলে তাঁদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। তাই আজ শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। রবিন টেক্স বিডি লিমিটেডের জেনারেল ম্যানেজার (প্রশাসন) আবদুস সালাম ও জেনারেল ম্যানেজার শামীম আহাম্মেদ জানান, নতুন মজুরি কাঠামো ডিসেম্বর মাস থেকে কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছিল। এ ঘোষণা না মেনে শ্রমিকরা বিক্ষোভ ও ভাঙচুর করেন। ভাঙচুরের কারণে মিলের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার জানান, ঘটনার পর প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে মালিকপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা কাজে যোগ দেন। দুপুর দুইটার পর থেকে পরিস্থিতি শান্ত হয়।