রূপগঞ্জে পুলিশ পাহারায় জামালের লাশ দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় নিহত মোস্তফা জামাল হায়দারের লাশ গত রোববার দিবাগত রাতে কড়া পুলিশ পাহারায় তড়িঘড়ি করে দাফন করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, জানাজায় এলাকার কাউকে অংশ নিতে দেয়নি পুলিশ। মোস্তফা জামালের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল সোমবার এলাকায় কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নিরাপত্তায় সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।মোস্তফা জামালের হত্যার ঘটনায় রোববার রাতে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এদিকে পুলিশ ও র‌্যাবের দায়ের করা দুটি মামলায় অজ্ঞাতনামা চার হাজার ব্যক্তিকে আসামি করার পর থেকে এলাকার সাধারণ মানুষের মধ্যে গ্রেপ্তার-আতঙ্ক বিরাজ করছে। গ্রেপ্তার এড়াতে অনেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এখনো নিখোঁজ ব্যক্তিদের সন্ধান না পাওয়ায় তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এসব পরিবারের দাবি, হত্যার পর নিখোঁজ ব্যক্তিদের লাশ গুম করা হয়েছে। নিহত মোস্তফা জামালের ভাই কামাল নাসের প্রথম আলোকে অভিযোগ করে বলেন, ‘সেনাবাহিনী জোর করে কম দামে আমাদের জমি কিনে নিতে চেয়েছিল। সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠলে তাদের লক্ষ্য করে পাখির মতো গুলি করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা আমার ভাইয়ের পা লক্ষ্য করে গুলি করেছে। আমরা ভাই হত্যার বিচার চাই। প্রশাসনের লোকজনই তড়িঘড়ি করে কড়া পুলিশ প্রহরায় জামালের লাশের দাফন সম্পন্ন করেছে। পাঁচ মিনিটও আমাদের সময় দেওয়া হয়নি। কোনো আত্মীয়স্বজন শেষবারের মতো জামালকে দেখতে পারেনি। আমরা চার-পাঁচজন মানুষ মাত্র জানাজায় অংশ নিই।’ তিনি বলেন, ‘যেখানে আমার ভাইয়ের লাশ দাফন করার অধিকারই আমাদের নেই, সেখানে আমরা কার বিরুদ্ধে মামলা দায়ের করব?’ লাশ দাফনের সময় বাড়ির আশপাশে শতাধিক পুলিশ ও র‌্যাবের টহল ছিল বলে তিনি জানান।নিহত জামালের বাবা মো. আবদুর রফিক তাঁর ছেলে হত্যার বিচার দাবি করে বলেন, ‘আমাদের ছেলের লাশের বিনিময়ে হলেও সেনাবাহিনী যেন এলাকা থেকে চলে যায়। এখানে সেনাবাহিনীর কোনো ক্যাম্প থাকতে পারবে না। আবাসন প্রকল্পের নামে আর কারও জমি যেন তারা দখল করতে না পারে।’গতকাল উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকার নিখোঁজ শমসের মোল্লার বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারির দৃশ্য। নিহতের মা ও বোনেরা বার বার মূর্ছা যাচ্ছিলেন। তাঁদের দাবি, সেনাবাহিনী শমসেরকে হত্যা করে লাশ গুম করে ফেলেছে। শমসেরের মা সুমি বেগম বলেন, ‘আমরা টাকা-পয়সা, ধনদৌলত চাই না, আমরা শমসেরের লাশ চাই। ধর্মীয় মতে তাকে দাফন করতে চাই।’গতকাল উপজেলার কায়েতপাড়া ও রূপগঞ্জ ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ছিল পুলিশের সশস্ত্র অবস্থান। ডেমরা-রূপগঞ্জ-ইছাপুরা সড়কে তেমন কোনো যান চলাচল করেনি। বেশির ভাগ দোকানপাট ছিল বন্ধ। সড়কের বিভিন্ন স্থানে নিহত জামালের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কালো পতাকা উত্তোলন করা হয়। এলাকা ছিল কার্যত পুরুষশূন্য। বাড়ির নারী ও শিশুরা ছিল আতঙ্কে। শিক্ষার্থীদের অনেকেই স্কুলে যায়নি। সেই দিনের ঘটনার কথা মনে হলে তাঁদের শরীর শিহরে ওঠে বলে এলাকার অনেকে মন্তব্য করেন।কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর গ্রামের ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক আফাজউদ্দিন বলেন, ‘গ্রামের পাঁচজন সমাজসেবক ৬ অক্টোবর তাঁদের মালিকানাধীন ৮২ শতাংশ জমি ঈদগাহ মাঠের জন্য ওয়াক্ফ করতে চেয়েছিলেন। কিন্তু সেনাসদস্যদের বাধার মুখে রূপগঞ্জের সাব-রেজিস্ট্রার জমি রেজিস্ট্রি করেননি।’বিক্ষুব্ধ জনতার হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত টান মুশুরির পরিত্যক্ত সেনাক্যাম্পের পাহারায় রয়েছে বিপুলসংখ্যক পুলিশ। সেখানে দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম। তিনি সাংবাদিকদের জানান, পরিকল্পিতভাবে সেদিন সেনাক্যাম্পে হামলা চালানো হয়। সেনাক্যাম্পগুলো সরকারি হেফাজতে রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।জেলা পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভয়ের কিছু নেই। কাউকে অহেতুক হয়রানি করা হবে না। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ছাড়া অন্য কারও হয়রানি করা হবে। এতে এলাকার সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই।পুলিশ সুপার আরও বলেন, মোস্তফা জামাল নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে জিডি করেছে। নিহতের পরিবার অভিযোগ দিলে মামলা নেওয়া হবে। একটি স্বার্থান্বেষী মহল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এলাকার কেউ তাদের জমি জোর করে দখল করে নেওয়ার অভিযোগ করেনি। তবে নিহত জামালের জানাজায় কাউকে অংশ নিতে না দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।