রূপগঞ্জে পোশাক কারখানায় ভাঙচুর, সড়ক অবরোধ
বেতন-ভাতার দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা বাসস্ট্যান্ড এলাকার দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সোমবার হামলা ও ভাঙচুর চালিয়েছেন। তাঁরা কারখানাসংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় ভাঙচুর করা হয় ৮-১০টি গাড়ি। এতে ওই মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, বরপা বাসস্ট্যান্ড এলাকায় একই সীমানাপ্রাচীরের মধ্যে অবস্থিত রপ্তানিমুখী অন্তিম নিটিং ডাইং ও অন্তিম কম্পোজিট কারখানার শ্রমিকদের গতকাল এপ্রিল মাসের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে জানতে পারেন বেতন দেওয়া হবে না। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা দুটি কারখানার চেয়ার, টেবিল ও আসবাব ভাঙচুর করেন। পরে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে গিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাঁদের ধাওয়া করে। শ্রমিকদের পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুলিশ পিছু হটে। এরপর শ্রমিকেরা যান চলাচল বন্ধ করে দিয়ে মহাসড়কের ওপর অবস্থান নেন এবং ৮-১০টি গাড়ি ভাঙচুর করেন। পরে কারখানা কর্তৃপক্ষ ১৬ মের মধ্যে বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে দুপুর পৌনে ১২টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়ে কাজে যোগ দেন।পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার সময় শ্রমিক লুনা, ইমরান, আলেয়া, জামাল হোসেন ও আছিয়া আক্তার এবং পথচারী ইলিয়াছ মোল্লা, দেলোয়ার হোসেন ও পায়েলসহ ১০ জন সামান্য আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।কারখানা দুটির মালিক আলী আকবর প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকদের সঙ্গে আলোচনা ছাড়াই কারখানার কর্মকর্তারা বেতন দেওয়ার তারিখ পেছানোয় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ১৬ তারিখের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করা হবে। এ ছাড়া পরের মাস থেকে আগের মতো ১০ তারিখে বেতন-ভাতা দেওয়া হবে।’রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার জানান, মালিকপক্ষ বেতন-ভাতা দেওয়ার আশ্বাস দেওয়ার পর বেলা পৌনে ১২টার দিকে শ্রমিকেরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে ঘটনাস্থলের দুই পাশে প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পড়ে ভোগান্তির শিকার হয় হাজার হাজার যাত্রী। প্রচণ্ড গরমে বেশি দুর্ভোগে পড়ে বৃদ্ধ ও শিশুরা।