রূপগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় গতকাল শনিবার সকালে এ সি এস টেক্সটাইল মিলের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। ক্ষুব্ধ শ্রমিকেরা সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে পুলিশের ১৭ সদস্যসহ অর্ধশত আহত হয়। পুলিশ ও পোশাকশ্রমিক সূত্রে জানা গেছে, এ সি এস টেক্সটাইল মিলের শ্রমিকেরা গতকাল সকালে কারখানায় এসে কাজে যোগ না দিয়ে সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত কর্মঘণ্টা নির্ধারণ, চলতি মাস থেকে সরকারঘোষিত নতুন মজুরিকাঠামো প্রদান, শ্রমিক নির্যাতন বন্ধ ও ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে তাঁরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার কম্পিউটার, আসবাবসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। পরে তাঁরা সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করেন। পুলিশ কয়েক দফা চেষ্টা চালিয়েও মহাসড়ক থেকে শ্রমিকদের সরাতে ব্যর্থ হয়। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশের সঙ্গে ক্ষুব্ধ শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। শ্রমিকেরা পুলিশের রিকুইজিশন করা একটি গাড়িসহ সাত-আটটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিপেটা করে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেন। দুপুর একটা থেকে যান চলাচল স্বাভাবিক হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান সিকদার জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের ১৫টি শেল ও ৫০টি রাবার বুলেট নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় পাঁচজনকে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।এ সি এস টেক্সটাইল মিলের ব্যবস্থাপক (প্রশাসনিক) শাহ বিদাজ জানান, শ্রমিকেরা সকালে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাট করেন। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি জানান, তাঁদের কারখানার স্বাভাবিক কর্মঘণ্টা হলো সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। কেউ এর বেশি কাজ করলে তাঁকে অতিরিক্ত মজুরি দেওয়া হয়। উল্লেখ্য, এই কারখানায় প্রায় চার হাজার শ্রমিক কাজ করেন। সহকারী পুলিশ সুপার (সার্কেল বি) জিয়াউল আহসান তালুকদার জানান, ভুলতায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দান, ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার হওয়া পাঁচজনসহ অজ্ঞাত কয়েক শ লোককে আসামি করে মামলা করেছে পুলিশ।