রূপগঞ্জে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ রোববার আবারও পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশের লাঠিচার্জ ও পাল্টাপাল্টি ধাওয়ায় পাঁচ পুলিশসহ ২৫ জন আহত হয়েছেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে সাত-আটটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজটের।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫টি টিয়ার শেল ও ৩৮টি গুলি ছোড়ার কথা নিশ্চিত করেছে। হামলা ও ভাঙচুরের অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল আটটায় রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় ‘রবিন টেক্স বিডি লিমিটেড’ কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে আসেন। তাঁরা কারখানা তালাবদ্ধ এবং ফটকের সামনে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এতে তাঁরা ক্ষুব্ধ হয়ে কারখানা চালুর দাবিতে সকাল নয়টায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে সাত-আটটি গাড়ি ভাঙচুর করেন। ফলে ওই মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এতে পুলিশের পাঁচ সদস্যসহ ২৫ জন আহত হন।রবিন টেক্স বিডি লিমিটেড কারখানার কয়েকজন শ্রমিক জানান, বেতন বৃদ্ধির দাবিতে গতকাল শনিবার শ্রমিকেরা বিক্ষোভ করলে আজ রোববার সকাল ১০টায় মালিকপক্ষের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সকালে কাজে যোগ দিতে এসে তাঁরা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ নোটিশ দেখতে পান। এতে তাঁরা উত্তেজিত হয়ে ওঠেন।রবিন টেক্স বিডি লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন মোল্লা জানান, শনিবারের হামলা ও ভাঙচুরের ঘটনায় কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনার পর কারখানায় উৎপাদন চালানোর মতো কোনো পরিবেশ নেই। ফলে মেশিনারিজসহ বিভিন্ন ভাঙা আসবাবপত্র মেরামত করার পর কারখানার উৎপাদন শুরু করা সম্ভব হবে। তাই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে গতকাল এই কারখানায় শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার প্রধান ফটকে তালা দিয়ে হামলা ও ভাঙচুর চালান। এ ছাড়া চার-পাঁচটি যানবাহনও ভাঙচুর করেন। শ্রমিকদের হামলায় আহত হন কারখানার মহিলা কর্মকর্তাসহ প্রায় ১০ জন।