রূপগঞ্জে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশসহ আহত ২৫
বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী মৈকুলী এলাকায় শিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেডের শ্রমিকেরা আজ রোববার গার্মেন্টসে হামলা ও ভাঙচুর করেছে। একই সঙ্গে বিক্ষুদ্ধ শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত অবরোধ করে রাখেন। এ সময় পুলিশের সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্য, মহিলাসহ ২৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রূপসী মৈকুলী এলাকায় শিকদার অ্যাপারেলস গার্মেন্টসে দুই হাজার ২০০ শ্রমিক কাজ করে। আজ সকালে শ্রমিকেরা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরুসহ ভাঙচুর চালান। একপর্যায়ে দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে ৮-১০টি গাড়ি ভাঙচুর করে।এ সময় পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচটি কাঁদানে গ্যাসের শেল, ২২টি রাবার বুলেট ও শর্টগানের গুলি নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশ, নারীশ্রমিকসহ আহত হয়েছেন ২৫ জন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন চারজন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বেলা দেড়টার দিকে পুলিশের লাঠিপেটার মুখে বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়। তবে তীব্র যানজট ছিল।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।