রূপগঞ্জে পোশাকশ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-ভাতার দাবিতে আজ সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দুটি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। বরপা বাসস্ট্যান্ড এলাকায় অন্তিম নিটিং ডাইং ও অন্তিম কম্পোজিট নামের দুটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকেরা সকাল নয়টা থেকে মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এর ফলে যান চলাচল বন্ধ এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানায় হামলা, ভাঙচুরসহ মহাসড়কে টায়ারে অগ্নিসংযোগ করেন। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্রে জানা গেছে, অন্তিম নিটিং ডাইং ও অন্তিম কম্পোজিট নামের দুটি পোশাক কারখানায় প্রায় চার হাজার শ্রমিক কাজ করেন। আজ তাঁদের বেতন দেওয়ার কথা ছিল। সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে জানতে পারেন যে আজ তাঁদের বেতন দেওয়া হবে না। এতে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে কারখানায় হামলা, ভাঙচুরসহ গেটে তালা লাগিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের ধাওয়া দেয়। শ্রমিকেরা পরে একত্র হয়ে সকাল নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা কারখানার চেয়ার, টেবিল, আসবাব ও টায়ারে অগ্নিসংযোগ করেন। ভাঙচুর করে ৮-১০টি যানবাহন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।