রূপগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের চালকসহ অন্তত ৩০ জন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের তারাবো খাদুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান জানান, তারাবো খাদুন এলাকায় ঢাকাগামী মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিউ লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে মামুন পরিবহন নামের বাসটিকে ধাক্কা দেয়। এতে মামুন পরিবহনের বাসটি দুমড়েমুচড়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন বাসের এক নারী যাত্রী।খবর পেয়ে পুলিশ ও আশপাশের লোকজন অন্তত ৩০ জন আহত লোকজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক থেকে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। আতিকুর রহমান খান আরও জানান, তাত্ক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।