রূপগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার আধুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, রূপগঞ্জের আধুরিয়া এলাকায় নরসিংদীগামী যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস ও লেগুনা দুটিই খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হন একরামুল, আবদুল আজিজ, নোমান মিয়া, আক্কাছ আলী, কবির হোসেন, দেলোয়ার হোসেন, সোবহান, কারিমান, শাকিল, ইমান হোসেন, ফিরোজ, রহম আলী, সোলায়মান ফেরদৌস, কমলসহ ১৫ জন। আহতদের রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, নারায়ণগঞ্জ সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁর নাম জানা যায়নি। ঘটনার পর থেকে বাসের চালক পলাতক।ঘটনাস্থল পরিদর্শন করা রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, ‘মুখোমুখি সংঘর্ষের পর বাস ও লেগুনা খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে নরসিংদীর আমদিয়ার সাতগ্রাম এলাকার একাব্বর আলী (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। তবে শুনেছি, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী গ্রামের শামিমুল হক (৩২) ও তাঁর স্ত্রী নার্গিস আক্তার (২৬) নিহত হয়েছেন। তাঁদের লাশ পাওয়া যায়নি।’তবে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাস ও লেগুনার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন।