নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী মৈকুলী এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল রোববার বকেয়া বেতনের দাবিতে কারখানায় ভাঙচুর চালিয়েছেন। পরে তাঁরা দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। ভাঙচুর করেন আট থেকে ১০টি গাড়ি। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের আট সদস্যসহ ২৫ জন আহত হয়েছেন। পুলিশের শটগান ও রাবার বুলেটে বিদ্ধ হয়েছেন চার শ্রমিক। আহত শ্রমিক ও পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রূপসী মৈকুলী এলাকায় শিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেডে এক হাজার ৮০০ শ্রমিক কাজ করেন। গতকাল সকালে শ্রমিকেরা এসে কাজে যোগ না দিয়ে জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানায় বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার জানালার কাচ, চেয়ার-টেবিলসহ আসবাব ভাঙচুর করেন। দুপুর ১২টার দিকে তাঁরা কারখানার সামনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। ভাঙচুর করেন আট থেকে ১০টি গাড়ি। পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন শ্রমিকেরা। তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশের সঙ্গে ক্ষুব্ধ শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের পাঁচটি শেল ও ২২টি রাবার বুলেট নিক্ষেপ করে এবং লাঠিপেটা করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে দেড়টার দিকে যান চলাচল শুরু হয়। শিকদার অ্যাপারেলসের শ্রমিক জ্যোত্স্না, ফাতেমা, আবু সিরাজ, কাইয়ুম ও জাফর জানান, তাঁদের জুলাই মাসের বেতন ১৫ আগস্ট পরিশোধ করার কথা থাকলেও দেওয়া হয়নি। গতকাল বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু কাজে এসে জানতে পারেন বেতন দেওয়া হবে না। এতে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠেন। শিকদার অ্যাপারেলস গার্মেন্টসের পরিচালক (প্রশাসন) আবদুর রব জানান, শ্রমিকদের জুলাই মাসের বেতন ২৬ আগস্ট এবং বর্তমান মাসের বেতন ঈদের আগে অর্ধেক পরিশোধের কথা বলেছি। কিন্তু শ্রমিকেরা তা না মেনে বিক্ষোভ ও ভাঙচুর চালান। শ্রমিকদের ওপর কাঁদানে গ্যাসের শেল, শটগান ও রাবার বুলেট ছোড়ার কথা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার জানান, ভাঙচুর, সংঘর্ষ ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে পুলিশ শ্রমিকদের বিরুদ্ধে মামলা করবে।