রূপগঞ্জে ভোজ্যতেলের কারখানায় আগুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকার টিকে গ্রুপের শবনম ওয়েল মিল ইন্ডাস্ট্রিজ নামের একটি ভোজ্যতেলের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাতে সোয়া সাতটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১০টা পর্যন্ত সেখানে আগুন জ্বলছিল। নারায়ণগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।শবনম ভেজিটেবল অয়েল মিলস লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী মো. জসীমউদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। কারখানার গুদামে থাকা পুষ্টি ব্র্যান্ডের আটা, ময়দা, নারিকেল, চা-পাতা, ডালডাসহ বিপুল পরিমাণ পণ্য পুড়ে গেছে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে নারায়ণগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আগুনের শিখা ৩০ থেকে ৪০ ফুট উপরে উঠে যায়। ১২টি গাড়ি ও ছয়টি পাম্পের সাহায্য আগুন নেভানোর চেষ্টা করছে। তিনি অগ্নিকাণ্ডের কারণ তাত্ক্ষণিকভাবে জানাতে পারেননি।