পূর্বাচল প্রকল্প লাগোয়া নারায়ণগঞ্জের ইছাপুরা ও আশপাশের এলাকার জমি সেনাবাহিনীর জন্য কেনা নিয়ে আজ শনিবার সকাল থেকে র্যাব ও পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছে। সকাল সাড়ে নয়টা দিকে শুরু হয়ে এ সংঘর্ষ বেলা একটা পর্যন্ত চলে। এখন এলাকায় বিপুলসংখ্যক র্যাব মোতায়েন করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আর্মি হাউজিং সোসাইটির নামে সরকার ইছাপুরা ও আশপাশের এলাকার কিছু জমি কেনার কার্যক্রম শুরু করে। এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় যে, তাদেরকে উচ্ছেদ করা হবে। এর প্রতিবাদে কয়েক হাজার এলাকাবাসী রূপগঞ্জ-ইছাপুরা সড়ক অবরোধ করে। ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় র্যাব-পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। চলে পাল্টাপাল্টি ধাওয়া। পরে র্যাব-পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে দুপুরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার এলাকাবাসীর সঙ্গে র্যাব-পুলিশের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।