রূপগঞ্জে সহিংসতায় মানবাধিকার, স্বচ্ছতা লঙ্ঘিত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ২৩ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘আর্মি হাউজিং স্কিম’ প্রকল্পের জমি কেনাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় মানবাধিকার, স্বচ্ছতা ও জবাবদিহি লঙ্ঘিত হয়েছে বলে মন্তব্য করেছে আটটি বেসরকারি সংস্থা। সংস্থাগুলো এ ঘটনার নিরপেক্ষ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানায়। আজ রোববার ওই আটটি বেসরকারি সংস্থা এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়। সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল লিখিত বিবৃতিতে বলেন, ‘গত বছরের ২৩ অক্টোবর সংঘটিত সহিংসতায় সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকল্পের অনুমোদন হয়নি। অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত প্রভাব বিবেচিত হয়নি। স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায়বিচার লঙ্ঘিত হয়েছে।’ রূপগঞ্জের কথিত আর্মি হাউজিং স্কিম প্রকল্পের সপক্ষে প্রয়োজনীয় অনুমোদনপ্রক্রিয়া অনুসরণ না করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে। তাই জনস্বার্থে এ বিষয়টির স্থায়ী নিষ্পত্তি জরুরি বলে মনে করছে সংস্থাগুলো।‘ভূমি যার, অধিকার তার—প্রেক্ষিত রূপগঞ্জ: চাই আইনের সঠিক প্রয়োগ, স্বচ্ছতা ও মানবাধিকারের নিশ্চয়তা’ বিষয়ের ওপর আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ করিব, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পচািলক সৈয়দা রিজওয়ানা এম হাসান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) নির্বাহী পরিচালক মহসিন আলী খান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, নিজেরা করির সমন্বয়কারী খুশি কবির এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।উল্লেখ্য, আর্মি হাউজিং স্কিমের জমি কেনাকে কেন্দ্র করে গত বছরের ২৩ অক্টোবর সংঘটিত সহিংসতায় একজন নিহত, ১৭ জন আহত এবং অন্তত তিনজন নিখোঁজ হন। ঘটনার তিন মাস পরও সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশিত না হওয়ায় ওই আটটি সংগঠন এ বিষয়ে তাদের অবস্থান ও সুপারিশ সংশ্লিষ্ট সব মহলের বিবেচনার জন্য উপস্থাপন করে। উল্লেখ্য, সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও আটটি সংগঠন সাক্ষাত্কারের কোনো সুযোগ পায়নি।সংবাদ সম্মেলনে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে নয় দফা সুপারিশ তুলে ধরা হয়।ক্ষমতার অপব্যবহার করে জনস্বার্থপরিপন্থী কর্মকাণ্ডের জন্য কিছু সেনা সদস্যের ভূমিকা প্রচলিত ভূমি দস্যুতার সঙ্গে তুলনীয় বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। গুলিবর্ষণের ঘটনায় হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।