রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ড, আহত ৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় হাশেম ফুড প্রোডাক্টস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে তিনটায় এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে ছয়তলা ভবনের প্রথম থেকে তৃতীয় তলা পর্যন্ত। এতে কারখানার মালামাল, আমদানি করা কাঁচামাল, পেট বোতলসহ যন্ত্রপাতি পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। হাশেম ফুড প্রোডাক্টসের এই কারখানা থেকে সেজান জুস তৈরি হয়। রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির ইনর্চাজ শাহ আওলাদ হোসেন জানান, বিকেল তিনটার দিকে হাশেম ফুড প্রোডাক্টসের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে ভবনের তৃতীয় তলা থেকে আগুন একে একে দ্বিতীয় ও প্রথম তলায় ছড়িয়ে পড়ে।এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবরে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডেমরা, কাঞ্চন, হাজীগঞ্জ ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তারা দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে কারখানার শ্রমিক সুজন, উজ্জ্বল, দেলোয়ার ও ফায়ার সার্ভিসকর্মী আবুল হোসেনসহ পাঁচজন আহত হয়েছেন। তাঁদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আহসানুল কবির জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ছাইয়ের নিচে চাপা আগুন জ্বলছে। তা নেভানোর চেষ্টা চলছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী আবুল হোসেন। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। হাশেম ফুড প্রোডাক্টস কারখানার ডিজিএম বেলাল আহমেদ দাবি করেন, আগুনে তাঁদের কারখানার দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।