নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গতকালের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধদের মধ্যে মোস্তফা জামাল হায়দার (২৮) নামের এক ব্যক্তি আজ রোববার সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) মারা গেছেন। জামালের বাবার নাম মো. আবদুল রফিক। তাঁর বাড়ি রূপগঞ্জের হরিণানদীর পাড়।শেরেবাংলা নগর থানার কর্তব্যরত উপপরিদর্শক নিজামুল হক জানান, গতকাল রাতে জামালউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়। আজ সকাল সাড়ে নয়টার দিকে জামালউদ্দিন মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ ১৫ জনের মধ্যে বর্তমানে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, দুজন সম্মিলিত সামরিক হাসপাতালে এবং অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা নিচ্ছে। এদিকে এ সংঘর্ষের ঘটনায় তিন থেকে চার হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। রূপগঞ্জ থানায় মামলাটি করা হয়।নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন আজ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়ায় সেনা আবাসন প্রকল্পের (আর্মি হাউজিং স্কিম) জমি কেনা নিয়ে গ্রামবাসীর সঙ্গে গতকাল শনিবার র্যাব-পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে সেনাসদস্য, পুলিশসহ অর্ধশত ব্যক্তি আহত হয়। এ সময় সেনাক্যাম্প থেকে গুলি করা হয় বলে গ্রামবাসী অভিযোগ করে। ক্ষুব্ধ গ্রামবাসী স্থানীয় তিনটি সেনাক্যাম্পে হামলা ও লুটপাট চালায়। তারা একটি ক্যাম্প ও গাড়ি জ্বালিয়ে দেয়।