রূপচাঁদার ৪৪ হাজার লিটার সয়াবিন তেল বাজেয়াপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওজন ও পরিমাপ আইন লঙ্ঘন করায় বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের রূপচাঁদা ব্র্যান্ডের ৪৩ হাজার ৯১৯ লিটার সয়াবিন তেল বাজেয়াপ্ত করেছেন ভেজাল-বিরোধী ভ্রাম্যমাণ আদালত। এই তেলের মূল্য ৪০ লাখ ৪০ হাজার ৫৪৮ টাকা।ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের (বিইওএল) ঢাকা ডিপোতে অভিযান চালান। অভিযানকালে আদালত দেখেন, সেখানে একটি গুদামে থাকা দুই লিটার সয়াবিন তেলের বোতলের গায়ে দুই রকম মূল্য লেখা। এর মধ্যে গত ২৭ জুলাই বাজারে ছাড়া দুই লিটারের বোতলের গায়ে মূল্য লেখা ১৭৬ টাকা। কিন্তু সোমবার বাজারে ছাড়া একই পরিমাণ তেলের বোতলের গায়ে মূল্য লেখা ১৮৪ টাকা। অর্থাৎ এই কয়েক দিনের ব্যবধানে প্রতি লিটারে দাম বাড়ানো হয়েছে চার টাকা। কিন্তু মূল্য বাড়ানোর ব্যাপারে আইন মানা হয়নি। এ কারণে আদালত ওই গুদামে থাকা ৪৩ হাজার ৯১৯ লিটার সয়াবিন তেল বাজেয়াপ্ত করেন। বাজেয়াপ্ত করা তেলের মধ্যে বোতলজাতের পাশাপাশি প্যাকেটজাত সয়াবিন তেলও রয়েছে। তবে বোতলে তেলের পরিমাণ ঠিক ছিল।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন। তিনি প্রথম আলোকে বলেন, ওজন ও পরিমাপ আইন লঙ্ঘন করার অপরাধে বাংলাদেশ এডিবল অয়েল কোম্পানির ওই ডিপোর একটি গুদামের যাবতীয় তেল বাজেয়াপ্ত করা হয়েছে। বিএসটিআইয়ের মহাপরিচালককে এগুলো নিলামে বিক্রি করে ওই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলা হয়েছে।প্রসঙ্গত, বাংলাদেশ স্ট্যান্ডার্ড ওজন ও পরিমাপ (পণ্যসামগ্রী মোড়কজাতকরণ) বিধিমালার ২০(৪) ধারায় বলা হয়েছে, মোড়কজাত বা বোতলজাত পণ্যের দাম বাড়াতে হলে উৎপাদনকারী বা বাজারজাতকারী প্রতিষ্ঠানকে দুটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ভোক্তাকে অবহিত করতে হবে, যার একটি হবে বহুল পঠিত পত্রিকা। এ ছাড়া মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক বা তাঁর প্রতিনিধিকে এ ব্যাপারে নোটিশ দিতে হবে। এ দুটি প্রক্রিয়ার পরই কেবল পণ্যের দাম বাড়ানো যাবে।বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ বলেন, পণ্যের দাম বাড়ানোর বিধান রয়েছে। তিনি বিএসটিআইয়ের দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত দাম বাড়ানোর ব্যাপারে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে নোটিশ পাননি। যারা এ আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।এর আগে গত ২০ জানুয়ারি ভ্রাম্যমাণ আদালত তেজগাঁও শিল্পাঞ্চলের লাভ রোডে বিইওএলের ডিপোতে অভিযান চালান। ওই অভিযানে প্রতি পাঁচ লিটারের বোতলে ৭০ মিলিগ্রাম করে তেল ওজনে কম পাওয়ায় আদালত প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করেছিলেন।বিইওএলের বক্তব্য: এদিকে গতকাল বিইওএলের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং শোয়েব মো. আসাদুজ্জামান এক বিবৃতিতে বলেন, ‘আন্তর্জাতিক ও দেশীয় বাজারে ছয় মাস ধরে ভোজ্যতেলের মূল্যের পার্থক্যের কারণে দেশের প্যাকেটজাত তেল কোম্পানিগুলো ক্ষতির সম্মুখীন হয়েছে। পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও আমরা চেষ্টা করেছি যত দূর সম্ভব এই মূল্যবৃদ্ধির চাপ বহন করার। অন্য কোনো সুযোগ না থাকায় ব্যবসা সচল রাখতে এবং কর্মকর্তা-কর্মচারীদের চাকরি নিশ্চিত রাখতে দাম বাড়াতে হয়েছে।’ বিবৃতিতে তিনি তাঁদের ব্র্যান্ড রূপচাঁদা সয়াবিন তেল এবং মিজান সুপার রিফাইন্ড পাম অলিনের ক্রেতা ও ভোক্তাদের ধন্যবাদ জানান। একই সঙ্গে যেকোনো প্রতিকূল সময়েও পণ্যের নিয়মিত সরবরাহ অব্যাহত রাখার প্রত্যয় জানান।কারওয়ান বাজারে অভিযান: বিইওএলের ডিপোতে অভিযানের আগে দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত কারওয়ান বাজারে অভিযান চালান। আদালত প্রথমে যান কিচেন মার্কেটের নিচতলার খুচরা মাছের বাজারে। আদালতের সঙ্গে থাকা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা মাছ বিক্রেতা গৌতম রায়ের দোকানের মাছ পরীক্ষা করে ফরমালিনের অস্তিত্ব পাননি। তবে পাশের হরচরণের দোকানের একটি বোয়াল মাছ পরীক্ষা করে ফরমালিনের অস্তিত্ব পান। এ কারণে আদালত হরচরণকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।এরপর আদালত ওই মার্কেটের দোতলায় মাইসা এন্টারপ্রাইজ ও শরীয়তপুর এন্টারপ্রাইজে অভিযান চালান। সেখানে লাল ও হলুদ রং বিক্রি হয়। দোকানমালিক আক্তার হোসেন জানান, এসব রঙের ক্রেতা বিভিন্ন হোটেল, আচার তৈরিকারক, এফডিসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন। বিএসটিআইয়ের কর্মকর্তারা জানান, এসব রং মরিচ ও হলুদের গুঁড়ার সঙ্গে মেশানো হয়, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আদালত আক্তার হোসেনকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।পরে আদালত পাশের চৌধুরী স্টোরে (ইলিয়াস ব্রাদার্সের মালিকানাধীন দাদা সয়াবিন তেলের পরিবেশক) অভিযান চালান। দাদা সয়াবিন তেলের বোতলের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকায় আদালত চৌধুরী স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থেকে এর কার্যক্রম দেখেন। তিনি সাংবাদিকদের বলেন, রমজান মাসে খাদ্যের মান অক্ষুণ্ন রাখতে এ অভিযান চালানো হচ্ছে। ইফতারে পচা-বাসি কিংবা ভেজাল খাবার যাতে বিক্রি না হয় এবং খাবার সংরক্ষণের জন্য যাতে ফরমালিন ব্যবহার না হয়, সে জন্য এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানের আগে সতর্কীকরণ বিজ্ঞপ্তিও পত্রিকায় দেওয়া হয়।গতকালের অভিযানে সহায়তা করে র‌্যাব-২ ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল। এ সময় বিএসটিআইয়ের মহাপরিচালক, শিল্প মন্ত্রণালয় ও বিএসটিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।