রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সহায়তা দেবে রাশিয়া
বাংলাদেশকে রূপপুর পরমাণু বিদ্যুৎেকন্দ্র প্রকল্প বাস্তবায়নে আর্থিক ও কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছে রাশিয়া। আজ বৃহস্পতিবার দুপুরে স্টেট অ্যাটোমিক এনার্জি করপোরেশন অব রাশিয়ার (রোসাইওম) সফররত মহাপরিচালক সের্গেই কিরিয়েঙ্কো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাত্কালে এ আশ্বাস দেন। খবর বাসস।বৈঠককালে কিরিয়েঙ্কো বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেন। কিরিয়েঙ্কো গত মে মাসে মস্কোতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির উপস্থিতিতে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের সঙ্গে সংস্থার এ সংক্রান্ত একটি কাঠামো চুক্তি স্বাক্ষরের কথা উল্লেখ করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোসাইওম প্রধানকে দেশের বিদ্যুতের সংকট নিরসনে তাঁর সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। শেখ হাসিনা দ্রুত রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য অনুরোধ জানান। তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভূমিকাসহ বাংলাদেশে প্রতি সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি স্বাধীনতা-উত্তর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে সাহায্যের পাশাপাশি মাইন অপাসরণের মাধ্যমে দেশের সমুদ্র নদীবন্দরগুলোকে ব্যবহারযোগ্য করার জন্য রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান।প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধামন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।