রূপপুর পারমাণবিক প্রকল্প শিগগিরই শুরু হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া সরকারের সহযোগিতায় রূপপুর পারমাণবিক প্রকল্প নির্মাণের প্রস্তুতি শেষ হয়েছে। এর ভৌত কাঠামোর কাজও শিগগির শুরু হবে। তিনি বলেন, দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি পারমাণবিক শক্তিকেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।আজ বৃহস্পতিবার সাভারের গণকবাড়ীতে ‘৩ এমভি ট্যানডম একেক্রলেটরস ফ্যাসিলিটিজ’ এবং অন্য পাঁচটি উচ্চসংবেদনশীল বৈজ্ঞানিক স্থাপনা উদ্বোধনকালে শেখ হাসিনা এসব কথা বলেন। খবর বাসসের। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারমাণবিক শক্তি ব্যবহার করবে। তিনি বলেন, ‘আমরা জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে বিদ্যুত্, শিল্প ও কৃষি উত্পাদনসহ আধুনিক চিকিত্সাসেবার সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য পারমাণবিক শক্তি ব্যবহার করতে চাই।’প্রধানমন্ত্রী গবেষণা কর্মকাণ্ডের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন শাখায় মৌলিক গবেষণার ওপর গুরুত্ব দেওয়ার জন্য দেশের বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান।বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দবিরুল ইসলাম, স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ, একই মন্ত্রণালয়ের সচিব রফিকুল ইসলাম ও বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কমিশনের চেয়ারম্যান এ এস এম ফিরোজ বক্তব্য দেন।